ইউনিয়ন পরিষদেও মানুষ ভোট দিতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে আওয়ামী লীগ ‘নষ্ট’ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষ আজ ভোট দিতে পারে না। ২০১৪ সালের ৫ জানুয়ারিতে তো পারেইনি, এরপর উপজেলা, পৌরসভা নির্বাচনেও ভোট দিতে পারেনি। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেখানেও মানুষ ভোট দিতে পারবে না।
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
মির্জা ফখরুল দেশের বর্তমান অবস্থায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আমরা বিস্মিত হই, এখন মিডিয়াতে শুধু খুঁজে বেড়ানো হয়, বিএনপির ভুল কী? বিএনপির ত্রুটি, ২০ দলের ভুল থাকতেই পারে। কিন্তু যারা গণতন্ত্রকে ধ্বংস করছে, মানুষের মৌলিক-গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে, তাদের সম্পর্কে মিডিয়াকে সেভাবে সোচ্চার হতে দেখি না।’
সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের (ইরান) সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, সহসভাপতি ফারুক রহমান, আলাউদ্দিন আলী, যুগ্ম মহাসচিব উম্মে হাবিবা রহমান প্রমুখ।