ইউনূস, কামাল ও আবেদকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জেএসডির
রাষ্ট্রপতি ব্যর্থ হলে দেশের তিন বিশিষ্ট নাগরিক ড. মুহাম্মদ ইউনূস, ড. কামাল হোসেন ও স্যার ফজলে হোসেন আবেদকে সংলাপের উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির মতে, কার্যকর সংলাপ ছাড়া বিদ্যমান সংকট সমাধানের কোনো রাজনৈতিক পথ নেই।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন। সেখানে সংলাপে আলোচনার জন্য দুটি প্রস্তাব দেওয়া হয়। তা হলো: অবিলম্বে অপ্রয়োজনীয় ও অকার্যকর সংবিধান সংশোধন করে দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠন করা এবং উচ্চকক্ষ থেকে নির্বাচনকালীন সরকার গঠনের বিধান করা। সংবিধান সংশোধনের পর অবিলম্বে সবার অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘আমাদের প্রস্তাবিত এই উদ্যোগে রাষ্ট্রপতি কিংবা বিশিষ্ট নাগরিকেরা সাড়া না দিলে আগামী ২ মার্চ জাতীয় পতাকা দিবসে জাতীয় প্রেসক্লাবে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’ তিনি দাবি করেন, সরকার যদি আরও দমন-পীড়নের দিকে যায়, তাহলে দেশ সোমালিয়া, সিয়েরা লিওন ও নাইজেরিয়ার মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে।