ইউনেসকোর সিদ্ধান্তের পর সরকার সব অবস্থান হারিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রশ্নে সরকার সব ধরনের নৈতিক, বৈজ্ঞানিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থান হারিয়েছে বলে মন্তব্য করেছেন দেশের ১২ জন বিশিষ্ট নাগরিক।

গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করা হয়। বিবৃতিতে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪১তম সভায় নেওয়া সিদ্ধান্ত তুলে ধরে বলা হয়, ওই সিদ্ধান্তে সুস্পষ্টভাবে সুন্দরবনসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপরে কৌশলগত পরিবেশ প্রভাব সমীক্ষার (এসইএ) আগে সুন্দরবনের পাশে কোনো ধরনের শিল্পকারখানা না করার জন্য বলা হয়েছে।

নাগরিকেরা বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে এ বিষয়টি নিয়ে সরকার বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে প্রকৃত অবস্থা আড়াল করার চেষ্টা করছে। রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের․যৌক্তিকতা তুলে ধরতে চাচ্ছে। ইউনেসকোর চূড়ান্ত সিদ্ধান্তে কোথাও সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ইউনেসকোর আপত্তি তুলে নেওয়ার বক্তব্য নাই। বরং ইউনেসকোর মনিটরিং মিশন রিপোর্টে উল্লেখিত রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্রের পানি-বায়ুদূষণ, জাহাজ চলাচল-নদী খনন, মিষ্টি পানি অপসারণজনিতÿক্ষতিকর প্রভাব পুনর্ব্যক্ত করা হয়েছে।’

বিশিষ্ট নাগরিকেরা রামপাল প্রকল্প নির্মাণ স্থগিত ও ইউনেসকো বিশ্ব ঐতিহ্য কমিটির সিদ্ধান্তের প্রতি প্রতিশ্রুত আনুগত্য বজায় রাখা এবং পাশাপাশি টালবাহানা না করার আহ্বান জানান।

বিবৃতিদাতারা হলেন সুলতানা কামাল, সৈয়দ আবুল মকসুদ, রাশেদা কে চৌধূরী, খুশী কবির, অধ্যাপক বদরুল ইমাম, অধ্যাপক এম এম আকাশ, ইফতেখারুজ্জামান, এম শামসুল হুদা, রুহিন হোসেন প্রিন্স, সৈয়দা রিজওয়ানা হাসান, ডা. মো. আব্দুল মতিন ও শরিফ জামিল। বিজ্ঞপ্তি