ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পরিষদের সদস্যসহ এলাকাবাসী। গতকাল সোমবার ওই সব কর্মসূচি পালন করা হয়।

পরে ইউপি চেয়ারম্যান আশরাফ আলীর অপসারণের দাবিতে ইউপি সদস্যরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেন।

অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আশরাফ আলী বলেন, তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তিনি কোনো দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়িত নন। তাঁর দাবি, তিনি যা কিছু করেছেন, পরিষদের সদস্যদের নিয়ে আইনগতভাবেই করেছেন।

গতকাল দুপুরে জেলার ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। সেখানে বড়াইল ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য ও এলাকাবাসীর ব্যানারে বড়াইল ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে ইউএনও বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনকালে ইউনিয়নের হিন্দা গ্রামের আবদুল কাদের অভিযোগ করেন, চেয়ারম্যান তাঁর নামে যে ভিজিডি কার্ড বরাদ্দ করেছেন, এর জন্য তাঁকে (চেয়ারম্যান) সাড়ে তিন হাজার টাকা দিতে হয়েছে। একই ইউনিয়নের উত্তরবস্তা গ্রামের আবদুল আজিজ অভিযোগ করেন, বয়স্ক ভাতা নেওয়ার জন্যও চেয়ারম্যানকে টাকা দিতে হয়েছে।

পরিষদের ১২ জন সদস্যের দেওয়া ওই স্মারকলিপিতে অভিযোগ করা হয়, চেয়ারম্যান আশরাফ আলী স্বেচ্ছাচারিতা, অনিয়ম, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহার করে মানুষের বিপক্ষে দাঁড়িয়েছেন। সরকারি নিয়মকানুন না মেনে নিজের ইচ্ছেমতো পরিষদ চালাচ্ছেন। ২০১৩-১৪ অর্থবছরে পরিষদে আসবাব ক্রয় প্রকল্প দেখিয়ে দুটি চেকের মাধ্যমে ৯৮ হাজার ৩৫৫ টাকা ক্ষেতলাল সোনালী ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। একই অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)তহবিলের এক লাখ টাকা নিয়ে তাঁর নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে (চাতালে) পানিনিষ্কাশনের নালা নির্মাণ করেন। ২০১৪-১৫ অর্থবছরে উপজেলা পরিষদ থেকে বড়াইল ইউনিয়নের অনুকূলে দেওয়া সাতটি সেলাই মেশিন ও পাঁচটি নলকূপ তাঁর পছন্দের লোকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাফফর হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্যই সোমবার তাঁর অপসারণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।