ইউপি নির্বাচন কেমন হবে তা নিয়ে সন্দিহান বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন কেমন হবে, তা নিয়ে বিএনপি সন্দিহান বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জাতীয় প্রেসক্লাবে পৃথক দুটি আলোচনা সভায় বিএনপির দুই নেতা এই সংশয় প্রকাশ করেন।
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত আলোচনা সভায় মাহবুবুর রহমান বলেন, ‘বিএনপি নির্বাচনবিমুখ দল নয়। আমরা নির্বাচন করব, করতে চাই। তবে সেই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে আমরা সন্দিহান। কারণ, অতীতের নির্বাচনে জনগণের ভোটকে কী করা হয়েছে, জনগণ জানে।’
এ প্রসঙ্গে মাহবুবুর রহমান ভারতের নির্বাচন কাঠামোর উল্লেখ করেন। তিনি বলেন, ‘ভারতে নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রধানমন্ত্রীর চেয়েও বেশি শক্তিশালী থাকেন। কিন্তু আমাদের দেশের নির্বাচন কমিশন শক্তিশালী নয়। সিইসিকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বলেছেন, বিচার বিভাগ ধ্বংসের দ্বারপ্রান্তে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটাকে সাধারণভাবে দেখার কোনো সুযোগ নেই।’
সাংস্কৃতিক একাডেমি নামের একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় আবদুল্লাহ আল নোমান ইউপি নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘এটা যদি আগের পৌর নির্বাচনের মতো হয়, উপজেলা নির্বাচনের মতো হয়, তাহলে এই নির্বাচন আমাদের কাছে, জনগণের কাছে অর্থহীন হয়ে যাবে।’ তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা প্লেয়িং লেভেল ফিল্ড তৈরি করুন, ভোটারদের বিশ্বাস অর্জন করুন। এমন কিছু কার্যক্রম চালান, যেখানে আপনাদের নিরপেক্ষতা জনগণ দেখতে পায়।’
জাতীয়তাবাদী নাগরিক দল নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি সৈয়দ ওমর ফারুকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।