ইউপি নির্বাচন নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে
ইউনিয়ন পরিষদ নির্বাচন দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত নির্বাচনী ব্যবস্থা ধ্বংস সাধন করেছে বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
গতকাল শুক্রবার তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে দুই দিনের সভার প্রথম দিনে সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যালোচনায় এ কথা বলা হয়। এতে দেশের মানুষের ভোটের অধিকার রক্ষায় পুনরায় আন্দোলন গড়ে তোলার কথাও বলা হয়। সভায় বলা হয়, নির্বাচনে মনোনয়ন-বাণিজ্য তৃণমূল পর্যন্ত বিস্তৃত হয়ে নির্বাচনের পরিবেশ চরমভাবে কলুষিত করেছে। এর জন্য মৌলিকভাবে দায়ী নির্বাচন কমিশন এবং বিশেষত প্রধান নির্বাচন কমিশনার। আওয়ামী লীগ নির্বাচনের ফলাফল নিজের পক্ষে রাখতে এই নির্বাচনে যে ভূমিকা রেখেছে, তা তাদের দলের জন্যও বুমেরাং হয়েছে।
সংগঠনের সভাপতি রাশেদ খান মেনন সভায় সভাপতিত্ব করেন। এতে নির্বাচন সম্পর্কে আট দফা করণীয় নির্ধারণ করা হয়। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার সাধন, নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর হস্তক্ষেপ বন্ধ এবং সামগ্রিক দুর্নীতি, দুরাচার ও সাম্প্রদায়িকতার রাজনীতিকে পরাজিত করার কার্যকর আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়।
সভায় দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ইউপি নির্বাচনের পর্যালোচনা প্রতিবেদন উত্থাপন করেন। বিজ্ঞপ্তি।