ইউপি নির্বাচন নিয়ে শঙ্কা প্রমাণ হয়েছে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি বলেছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তারা সন্ত্রাস, কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির যে আশঙ্কা করছিল, গতকাল সোমবার প্রথম ধাপের নির্বাচনে তা শতভাগ সত্য প্রমাণ হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে ও বিকেলে দুই দফায় সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ৭১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রায় সব কটিতে কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির অভিযোগ করেন।
দুই দফায় সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জের সিরাজদিখান, পটুয়াখালীর গলাচিপা, বরিশালের পিরোজপুর, ঝালকাঠি, বাউফল, উজিরপুর, ঢাকার দোহার, কিশোরগঞ্জ সদর, লক্ষ্মীপুরের কমলনগর, ভোলার চরফ্যাশন, মনপুরা, বোরহানউদ্দিন ও দৌলতখান, সাতক্ষীরার কলারোয়া, চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরসহ শতাধিক ইউনিয়নের নাম উল্লেখ করে কেন্দ্র দখলের অভিযোগ করা হয়।
সকালের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী প্রধান নির্বাচন কমিশনারের একটি বক্তব্যের উল্লেখ করে বলেন, ‘তিনি নাকি প্রশাসনের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছেন না। যদি তা-ই হয়, তাহলে জনগণের প্রশ্ন, আপনারা (নির্বাচন কমিশন) পদত্যাগ করছেন না কেন?’ তিনি বলেন, এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে চাকরির মায়া থাকবে না, এমন লোকদের কমিশনের দায়িত্ব দিতে হবে।