ইউপি নির্বাচন সুষ্ঠু না হলে জঙ্গিবাদের উত্থান হবে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম এরশাদ
এইচ এম এরশাদ

সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে অ​ভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বর্তমানে দেশে যেভাবে নির্বাচন হচ্ছে, তাতে জনগণের আস্থা নেই। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু না হলে জঙ্গিবাদের উত্থান হবে।
আজ শনিবার দুপুরে রংপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, মানুষের মাঝে নির্মমতা বেড়েছে। অতীতে এ রকম নির্মমতা লক্ষ্য করা যায়নি। সন্ত্রাসী বাহিনীগুলো অপহরণ ও মুক্তিপণ দাবিতে শিশুদের নির্মমভাবে হত্যা করছে। অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে।
এরশাদ আরও বলেন, জাতীয় পার্টি জনগণের কল্যাণে কাজ করছে। জনগণ জাতীয় পার্টিকে ভোট দিলে দেশের মানুষের কল্যাণ হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, জেলা জাপার সদস্যসচিব আশিফ শাহরিয়ার, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান প্রমুখ।