ইউপি নির্বাচন সুষ্ঠু হয়নি, দায় ইসির : জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) মুখপাত্র ও কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এ জন্য তিনি নির্বাচন কমিশনকে (ইসি) দায়ী করেন।

আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জি এম কাদের এসব কথা বলেন। জাপা নির্বাচনে থাকবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, তৃতীয় ধাপের নির্বাচনের পর তাঁদের দল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাপার কেন্দ্রীয় কাউন্সিল ১৬ এপ্রিলের পরিবর্তে আগামী ১৪ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সরকারের শরিক জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘ইউপি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়নি। সর্বতোভাবে দায়ী হলো নির্বাচন কমিশন। আমরা মনে করি, ব্যর্থতার দায়-দায়িত্ব তাদের। আমরা আশঙ্কা করছি, সরকার যদি নির্বাচন ব্যবস্থা এভাবেই চালিয়ে যেতে থাকে, তাহলে পরবর্তী নির্বাচনগুলো সরাসরি গেজেটভুক্ত বা তালিকাভুক্ত করা—এই রকম একটা অবস্থা দাঁড়িয়ে যাবে।’

জাপার মুখপাত্র অভিযোগ করেন, বেশির ভাগ জায়গায় নির্বাচনের নামে প্রহসন হয়েছে। নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সরকারি দলের নেতা-কর্মীদের দাপটে জাপার অনেকে প্রার্থী হতে অনাগ্রহ প্রকাশ করেছেন বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, ইউপি নির্বাচনে এ পর্যন্ত যা ঘটেছে তাকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না। নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের অনাস্থা ও অনাগ্রহ সৃষ্টি হয়েছে। অধিকাংশ জায়গায় নির্বাচনের নামে প্রহসন হয়েছে।