ইউপি নির্বাচন সুষ্ঠু হয়নি, দায় ইসির: জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) মুখপাত্র ও কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এ জন্য তিনি নির্বাচন কমিশনকে (ইসি) দায়ী করেন।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জি এম কাদের এসব কথা বলেন। জাপা নির্বাচনে থাকবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, তৃতীয় ধাপের নির্বাচনের পর তাঁদের দল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাপার কেন্দ্রীয় কাউন্সিল ১৬ এপ্রিলের পরিবর্তে আগামী ১৪ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে।
জাপা নেতা জি এম কাদের বলেন, ‘আমরা আশঙ্কা করছি, সরকার যদি নির্বাচনব্যবস্থা এভাবেই চালিয়ে যেতে থাকে, ভবিষ্যতে এমন হতে পারে যে গেজেটের মাধ্যমে ক্ষমতার জোরে জনপ্রতিনিধি নির্ধারণ করা হবে। যেটা সবার জন্যই অমঙ্গলজনক হবে।’
বেশির ভাগ জায়গায় নির্বাচনের নামে প্রহসন হয়েছে অভিযোগ করে জাপার মুখপাত্র বলেন, নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সরকারি দলের নেতা-কর্মীদের দাপটে জাপার অনেকে প্রার্থী হতে অনাগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচনব্যবস্থার ওপর জনগণের অনাস্থা ও অনাগ্রহ সৃষ্টি হয়েছে।
জাতীয় পার্টির একটি ক্ষুদ্র অংশ বাইরের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত দাবি করে জি এম কাদের বলেন, এদের ব্যাপারে দলের অবস্থা হচ্ছে গরু আমার, মালিকানা অন্যের। এই বিশৃঙ্খলার কারণেই পার্টি তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারছে না। ফলে মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা হারাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন, সুনীল শুভ রায় প্রমুখ।