ইউপি নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার দাবি ওয়ার্কার্স পার্টির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ করার দাবি জানিয়েছে। আজ শুক্রবার থেকে শুরু হওয়া পার্টির দুই দিনব্যাপী সভার প্রথম দিনে এই দাবি জানানো হয়।

রাজধানীর তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। পার্টির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন জাতীয় জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। দলীয় প্রতীকে ইউপি চেয়ারম্যান নির্বাচন এই নির্বাচনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। কিন্তু ওই নির্বাচনের ওপর প্রশাসনের হস্তক্ষেপ, প্রশাসনের সহায়তায় পূর্ব রাতেই ফলাফল নির্ধারণ, বুথ দখল, মনোনয়ন ও নির্বাচন বাণিজ্য, অবাধ অর্থের ব্যবহার, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও গণতান্ত্রিক রাজনীতির বিকাশকে বাধাগ্রস্তই শুধু করবে না, সমূলে ধ্বংসও করবে। এ অবস্থায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ করা জাতীয় কর্তব্য। নির্বাচন কমিশনকে এটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার পাশাপাশি ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ স্লোগানে জনগণকে ঐক্যবদ্ধ করে ইউপি নির্বাচনকে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে।

সভার শুরুতে দুই কেন্দ্রীয় কমিটির সভার মধ্যবর্তী সময়ে যারা মারা গেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া সভায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও পার্টির সাবেক সদস্য হায়দার আকবর খান রনোর মা কানিজ ফাতিমা মোহসীনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। ব্রাহ্মণবাড়িয়াতে উপমহাদেশের বিখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খা স্মৃতি জাদুঘর ধ্বংসের তীব্র নিন্দাও জানানো হয় সভায়।

সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাজনৈতিক রিপোর্ট প্রদান করেন।