ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে এই অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ব্রিফিংয়ে বলা হয়, গত মঙ্গলবার রাতে ক্ষমতাসীন দলের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় পিরোজপুরের নাজিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শামসুল হক নিহত হয়েছেন। শামসুল হক নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রচারণা চালানোর সময় হামলার শিকার হন। হামলায় আরও সাত-আটজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
রিজভী অভিযোগ করেন, এর আগে ৭ মার্চ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুর রাজ্জাক হাওলাদার ও দলের কর্মী মো. আবদুর রাজ্জাককে সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক আহত করেছে। সদর উপজেলার টোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী হাওলাদারকে গত মঙ্গলবার দুইটার দিকে পুলিশ ধরে নিয়ে যায় এবং রাতে নির্যাতন করে তাঁর হাত ভেঙে দিয়েছে।
এ ছাড়া পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন, রাঙ্গাবালী ইউনিয়ন, চরমন্তাজ ইউনিয়ন, খুলনার দিঘলিয়া থানার সেনহাটি ইউনিয়ন, ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের মারধর এবং মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন পৌর এলাকায় ব্যাপক তাণ্ডব এবং বিএনপির প্রার্থীর সমর্থক ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে।