ইউপি নির্বাচনে অস্বাভাবিক ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>* দুই ধাপে নৌকা ৫০ দশমিক ৯৬, ধানের শীষ ১৯ দশমিক ৬৮ শতাংশ ভোট পেয়েছে
* ৮৪ ইউপিতে আওয়ামী লীগের ভোট ৯০ শতাংশের বেশি, দুটিতে ৯৯ শতাংশ
* ৩৯৪টিতে বিএনপির ভোট ১০ শতাংশের কম, ৪১টিতে ১ শতাংশের কম
* সহিংসতায় নিহত ৩৬

রাজনীতির মাঠে বিএনপি আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তার প্রতিফলন নেই। দুই ধাপে ১ হাজার ২১৭টি ইউপিতে গড়ে ৫০ দশমিক ৯৬ শতাংশ ভোট পেয়েছে আওয়ামী লীগ। আর বিএনপি যেসব ইউপিতে অংশ নিয়েছে, সেগুলোতে তারা পেয়েছে ১৯ দশমিক ৬৮ শতাংশ ভোট। বাকি প্রায় ৩০ শতাংশ ভোট পেয়েছে বিদ্রোহী প্রার্থী ও অন্যান্য দল।

এরই মধ্যে দুই ধাপের নির্বাচনী সহিংসতায় ৩৬ জন নিহত হয়েছেন। গতকালও ঝিনাইদহ ও নড়াইলে সহিংসতায় দুজনের মৃত্যু ঘটেছে। নির্বাচনী সংঘাতের বিবেচনাতেও এই স্থানীয় সরকার নির্বাচন অতীতের নির্বাচনগুলোকে পেছনে ফেলে দিয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, যেসব জায়গায় কেন্দ্র দখল ও সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানে দুই দলের ভোটের ব্যবধান আকাশ-পাতাল। এর বাইরেও অনেক জায়গায় দুই দলের ভোটে বিস্তর ফারাক দেখা গেছে।

এতোগুলো প্রাণ ঝরেছে যে নির্বাচনে, সেটির ফলাফল অনেকটাই একতরফা। ১৮৩টি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা ৮০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। এর মধ্যে ৮৪টিতে তাঁরা ভোট পেয়েছেন ৯০ শতাংশের বেশি। দুটিতে নৌকায় ভোট পড়েছে ৯৯ শতাংশেরও বেশি।

বিপরীতে ৩৯৪টি ইউপিতে বিএনপির ভোট ১০ শতাংশেরও কম। আর ৪১টিতে তারা ১ শতাংশ ভোটও পায়নি। বাগেরহাটের মংলার চাঁদপাই ইউনিয়নে বিএনপির প্রার্থী একটি ভোটও পাননি। এই জেলায় ৩৪টি ইউপিতে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মতে, নির্বাচনের এই ফল অবিশ্বাস্য ও বিস্ময়কর।

গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২ এবং ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৩৯টি ইউপিতে ভোটাভুটি হয়। দুই ধাপে আওয়ামী লীগ ৯৮৪টি এবং বিএনপি ১০৮টি ইউপিতে জয় পেয়েছে। কিছু ইউপিতে ভোট স্থগিত করা হয়। প্রথম ধাপের ৬২১টি এবং দ্বিতীয় ধাপের ৫৯৬টি ইউপির ফল বিশ্লেষণ করা করলে দেখা যায়, প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে নির্বাচন কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। প্রথম ধাপে আওয়ামী লীগ ৫৩ দশমিক ৩৭ শতাংশ হারে এবং দ্বিতীয় ধাপে ৪৮ দশমিক ৫৬ হারে ভোট পেয়েছে। অপরদিকে বিএনপি পেয়েছে যথাক্রমে ১৮ দশমিক ২২ ও ২১ দশমিক ১৪ শতাংশ হারে ভোট।

ইউপি নির্বাচন সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচনের এই ফল বিস্ময়কর। কারণ, মাঠে বিএনপির ভোট কী পরিমাণে আছে, সেটা সবার জানা। একটি ইউপিতে বিএনপি কোনো ভোটই পাবে না বা পাঁচ-দশ ভোট পাবে, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। রক্ষক ভক্ষক হলেই এমনটা হতে পারে। যে যেখানে পেরেছে, দখল করেছে। কমিশন তাদের সহযোগিতা করেছে।

তবে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, নির্বাচনের ফলাফল কমিশন এখনো বিশ্লেষণ করেনি। যে কারণে এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না।

একপেশে নির্বাচন দক্ষিণাঞ্চল ও চট্টগ্রামে: প্রথম আলোর অনুসন্ধান ও নির্বাচন কমিশনের মাঠ কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়, দেশের দক্ষিণাঞ্চলে একপেশে নির্বাচন হয়েছে। এসব এলাকায় অনেক ইউপিতে ভোটারদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হয়েছে। নির্বাচনের ফলেও এর প্রমাণ মেলে। যেসব ইউপিতে নৌকায় ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে, সেগুলোর বেশির ভাগ ওই অঞ্চলে। বাগেরহাটে ১৯টি, বরগুনায় ৩, বরিশালে ২৬, ভোলায় ২৮, ঝালকাঠিতে ১৬ ও গোপালগঞ্জে ১১টিতে এবং চট্টগ্রামের ৩১টির মধ্যে ২৩টিতে আওয়ামী লীগ ৮০ শতাংশের বেশি ভোট পেয়েছে।

নির্বাচনের এই ফল সম্পর্কে জানতে চাইলে স্থানীয় সরকার বিশ্লেষক তোফায়েল আহমেদ বলেন, যে পরিসংখ্যান উঠে এসেছে, সেটা মোটেই বিশ্বাসযোগ্য নয়। যে প্রক্রিয়ায় ভোটের এই হিসাব তৈরি হয়েছে, তা ত্রুটিপূর্ণ। সে কারণে এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই। এই পরিসংখ্যান দিয়ে কোন দলের আসলে কত ভোট, সেই চিত্র পাওয়া যাবে না।

আ.লীগের ভোট ৯০ শতাংশের বেশি: প্রথম ধাপে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ৯৯ দশমিক শূন্য ৩ শতাংশ ভোট পেয়েছে ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহলে। এ ছাড়া এই ধাপে আরও ৪৭টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা ৯০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। এগুলো হলো বাগেরহাটের মোরেলগঞ্জের মোরেলগঞ্জ, বহরবুনিয়া, দৈবজ্ঞহাটি, খাউলিয়া, বনগ্রাম, রামচন্দ্রপুর; শরণখোলার রায়েন্দা ও খোন্তাকাটা; বরিশাল সদরের গোয়ালিয়া; বানারীপাড়ার চাখার ও শালিয়াবাকপুর; গৌরনদীর খাজাপুর, বার্থী, নলচিড়া, শরিকল, বাটাজোড় ও চাঁদসি; মেহেন্দীগঞ্জের উলানিয়া; মুলাদীর সাতলা; ভোলা সদরের পশ্চিম ইলিশা, ভেলুমিয়া, চরশিবপুর ও আলীনগর; বোরহানউদ্দিনের টবগী, কুতুবা, গঙ্গাপুর ও দেউলা; চরফ্যাশনের ঢালচর, হাজারীগঞ্জ ও চরকলমি; দৌলতখানের নেদুয়া, চরপাতা ও মদনপুর; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দরিকান্দি, রুপসদী ও মানিকপুর; গোপালগঞ্জের গোপালপুর; ঝালকাঠি সদরের বাসন্ডা ও বিনয়কাঠি; নলছিটির কুলকাঠি, মোল্লারহাট ও রানাপাশা; রাজাপুরের সুক্তাগড়; মাদারীপুরের শিবচরের দ্বিতীয়খণ্ড, কাঁঠালবাড়ী ও শিবচর এবং পটুয়াখালী সদরের আউলিয়াপুর।

দ্বিতীয় ধাপে আওয়ামী লীগ সর্বোচ্চ ৯৯ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়েছে গোপালগঞ্জের গোপীনাথপুরে। এ ছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়ার কান্দি, কালাবাড়ি, রাধাগঞ্জ; সদরের চন্দ্রদিঘলিয়া ও নিজরা; ভোলার চরফ্যাশনের আবুববকরপুর, আবদুল্লাহপুর, ওসমানগঞ্জ, চরমানিকা, রসুলপুর ও ইলিশা; মনপুরার সাকুচিয়া উত্তর, সাকুচিয়া দক্ষিণ; লালমোহনের রমাগঞ্জ; চট্টগ্রামের মিরসরাইয়ের সাহেরখালি, হিঙ্গুলি, জোরারগঞ্জ, ধুম, ওসমানপুর, ইছাখালি, কাটাছরা, দুর্গাপুর, মিরসরাই; সন্দ্বীপের গাছুয়া, রহমতপুর, সারিকাইত, হারামিয়া; সীতাকুণ্ডের সৈয়দপুর ও বারইয়ারঢালা; চাঁদপুরের হাইমচর; জামালপুরের মেলান্দহের ঝাউগাড়া, মাহমুদপুর; টাঙ্গাইলের গোপালপুরের মির্জাপুর ও মাদারীপুর সদরের বাহাদুরপুরে ৯০ শতাংশের বেশি ভোট পেয়েছে।

ভোটের এই চিত্র সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে মানুষের মনে বিএনপি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তা ছাড়া সাংগঠনিক দুর্বলতার কারণে এবার বিএনপি অনেক জায়গায় ভালো প্রার্থী মনোনয়ন দিতে পারেনি। কোথাও কোথাও একাধিক প্রার্থীর কারণে তাদের ভোট ভাগ হয়ে গেছে। সে জন্য তাদের ভোট কমে গেছে।

বিএনপির ভোট ১ শতাংশের নিচে: জেলা নির্বাচন ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বেশির ভাগ ইউনিয়নেই কমবেশি কেন্দ্র দখল হয়েছে। এর মধ্যে অনেক ইউনিয়নে বলপ্রয়োগের মাধ্যমে ব্যালট পেপারে সিল মারা হয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীর এজেন্ট ও কর্মী-সমর্থকদের অনুপস্থিতিতে বাধাহীনভাবে সরকারি দল বা প্রভাবশালী প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিল মারা হয়েছে। যেসব জায়গায় কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে, সেসব এলাকায় বিএনপির প্রার্থীরা সবচেয়ে কম ভোট পেয়েছেন।

প্রথম ধাপে বিএনপি ১ শতাংশের নিচে ভোট পেয়েছে ২৪টি ইউপিতে। দ্বিতীয় ধাপে এই সংখ্যা ১৭। এসব ইউপির মধ্যে রয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা, খাউলিয়া ও বনগ্রাম; বরগুনার আমতলীর চাউরা ও পাংগাশিয়া; সদরের গৌরীচন্না ও আম্বালিয়াতলী; বেতাগীর বেতাগী ও সরিষামুড়ি; আগৈলঝাড়ার গৈলা; ভোলার বোরহানউদ্দিনের গঙ্গাপুর; চরফ্যাশনের চরকলমি; বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ী; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরিদাবাদ; কুমিল্লার দেবীদ্বারের সুলতানপুর ও রসুলপুর; ঝালকাঠির নলছিটির নাচনমহল; খুলনার বটিয়াঘাটার ভান্ডারকোট; ডুমুরিয়ার মাগুরখালী, মাগুরগোনা ও রংপুর; পটুয়াখালীর বাউফলের নওমালা; গলাচিপার গজালিয়া; পটুয়াখালী সদরের ছোট বিঘাই; পিরোজপুরের ভান্ডারিয়ার গৌরীপুর ও ভিটাবাড়ী; সদরের কোলাখালী, জিয়ানগরের বালিপাড়া; কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারী ও পিয়ারপুর; চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর; নরসিংদীর বেলাব সদর; নেত্রকোনার মদনের মাঘান; ফরিদপুরের আলফাডাঙ্গার টগরবন্দ, পাচুড়িয়া ও বানা; মাদারীপুর সদরের কুনিয়া ও রাস্তি; ভোলার চরফ্যাশনের রসুলপুর; গাইবান্ধার সুন্দরগঞ্জের দহবন্দ; রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ী; লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার টংভাঙ্গা এবং পাবনার ফরিদপুরের ডেমরা।

ফলাফল বিবরণীতে দেখা যায়, প্রথম ধাপে ৩০টি ইউপিতে বিএনপি ১০০-এর কম ভোট পেয়েছে। দ্বিতীয় ধাপে এই সংখ্যা ১৪। এর বেশির ভাগই বাগেরহাট, বরগুনা, ভোলা, পিরাজপুর, ঝালকাঠি, ফরিদপুর ও মাদারীপুরে।

নির্বাচনের এই ফল সম্পর্কে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, এটি কোনো নির্বাচন নয়। এটি প্রহসন। সাজানো নাটক। বিএনপির কোনো জনপ্রিয়তা নেই, এটি প্রমাণ করার জন্য ডাকাতি করে বা নিজেদের মতো হিসাব কষে এই ফল তৈরি করা হয়েছে। দেশের রাজনীতি নিয়ে যাঁদের ন্যূনতম ধারণা আছে, তাঁরা নিশ্চয়ই জানেন, বিএনপি ১০ শতাংশের নিচে ভোট পাওয়ার দল নয়।

আ.লীগ-বিএনপি ব্যবধান বিস্তর: ফল বিশ্লেষণে দেখা যায়, ৫৬১টি ইউপিতে বিএনপির প্রার্থী বিজয়ী প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। এসব জায়গায় তাঁরা দ্বিতীয় স্থানেও ছিলেন না। স্বতন্ত্র বা অন্য দলের প্রার্থীরা এখানে দ্বিতীয় হয়েছেন। ৫১টি ইউপিতে বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়েও কম ভোট পেয়েছে।

প্রথম ধাপের নির্বাচনে ২১৫টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিএনপির চেয়ে ৫ হাজারের বেশি ভোট পেয়েছেন। ৫৭টিতে ব্যবধান ১০ হাজার থেকে ১৯ হাজার ৮৬৪। দ্বিতীয় ধাপে ১৫৯টি ইউপিতে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ভোটের ব্যবধান ন্যূনতম ৫ হাজার। এর মধ্যে ৩৯টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিএনপির চেয়ে ১০ হাজারেরও বেশি ভোট পেয়েছেন। সবচেয়ে বড় ব্যবধান যেসব ইউপিতে ছিল, সেগুলোর মধ্যে আছে সিরাজগঞ্জ সদরের বাগবাটি (২০ হাজার ১৯৪), কুষ্টিয়ার দৌলতপুরের হোগলবাড়িয়া (২১ হাজার ৩৬৩) ও ঢাকার জিঞ্জিরা (২০ হাজার ৪১০)।

তবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, কুমিল্লা, শেরপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী, পাবনা, মৌলভীবাজার ও সিলেটে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে।

জিততে না পারলেও দুই ধাপে ৪৮টি ইউপিতে ধানের শীষের প্রার্থীরা নৌকা প্রার্থীর কাছাকাছি যেতে পেরেছেন। প্রথম ধাপে ১৮টি ইউপিতে ব্যবধান ছিল ১ থেকে ৫০০ ভোট। সর্বনিম্ন ১ ভোটের ব্যবধান ছিল বরিশালের চাঁদপাশায়। সেখানে জিতেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী। দ্বিতীয় ধাপে ৩০টিতে বিএনপির প্রার্থীরা ৬৩ থেকে ৫০০ ভোটের ব্যবধানে পিছিয়ে ছিলেন।

ঝিনাইদহ ও নড়াইলে দুজন নিহত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দলটির এক কর্মী এবং নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নে হামলায় আওয়ামী লীগের এক সমর্থক নিহত হয়েছেন।

এ ছাড়া নির্বাচনের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

ঝিনাইদহ: স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পদ্মকর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন নিজামুল গণি লিটু। একই দল থেকে মনোনয়ন চেয়ে ব্যর্থ হন বর্তমান চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস। এ নিয়ে ওই দুজনের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছে। ইউনিয়নের ছয়াইল গ্রামে নিজামুলের পক্ষে নেতৃত্বে রয়েছেন ইমাজুল হক। একই গ্রামে বিকাশ কুমারের সমর্থক হিসেবে কাজ করছেন শাহাবুদ্দিন আহম্মদ। দুজন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।

গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ইমাজুলের পক্ষের এক কর্মী গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাঁকে মারধর করেন। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ছয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১১ জন আহত হন। তাঁদের ঝিনাইদহ সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক আকামত মীরকে (৫০) মৃত ঘোষণা করেন। আকামত আওয়ামী লীগের ওই ইউনিয়ন কমিটির সদস্য।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশ টহল দিচ্ছে।

নড়াইল: প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দীন চৌধুরীর পক্ষে দলের স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা গত বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকায় মিছিল বের করেন। এ সময় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনছার জমাদ্দার ও পিরু শেখ তাতে বাধা দেন। তখন উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে গতকাল সকালে জয়নগর চরে আওয়ামী লীগের কয়েকজন সমর্থকের ওপর আনছার জমাদ্দার ও পিরু শেখের লোকজন হামলা চালান। হামলাকারীরা জয়নগর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদ আলী শেখ (৪০) এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মনিরুল শেখের হাত ও পায়ের রগ কেটে ফেলেন। এ ছাড়া কিবরিয়া (২৯) ও সোহেল নামের আরও দুজনকে কুপিয়ে জখম করা হয়। এলাকাবাসী হামলাকারীদের ঠেকাতে গেলে আরও ১৭ জন আহত হন। গুরুতর অবস্থায় শহীদ আলী, মনিরুল শেখ, কিবরিয়া ও সোহেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল তিনটার দিকে শহীদ আলী মারা যান।

জানতে চাইলে আনছার জমাদ্দার নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করে বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো যোগসূত্র নেই। শুনেছি, নির্বাচনী মিছিল দেওয়া নিয়ে গ্রামে মারামারি হয়েছে।’ একাধিকবার ফোন দিয়ে পিরু শেখের মুঠোফোনের সংযোগ বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দীন চৌধুরী বলেন, ‘আনছার জমাদ্দার বিএনপির নেতা। আমার লোকজন শুক্রবার সকালে জমিতে কাজ করতে গেলে আনছারের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।’

গতকাল বিকেলে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়াদুল হক দাবি করেন, নির্বাচনসংক্রান্ত বিষয়ে নয়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ বাধে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাটোর: বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, জোয়াড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁদ মাহমুদ, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাঁদের ভেতর থেকে একক প্রার্থী বাছাই করতে গতকাল ইউপি কার্যালয়ে বর্ধিত সভা ডাকা হয়। সভায় সমঝোতার মাধ্যমে একক প্রার্থী করার চেষ্টা ব্যর্থ হয়। ১১ এপ্রিল তৃণমূলের ভোটের মাধ্যমে দলীয় একক প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত হয়। তৃণমূলের ভোটারদের মধ্যে বর্তমান কমিটির ৬৫ জনকে বাদ দিয়ে আগের কমিটির ১৫০ সদস্যের ভোট গ্রহণ করা হবে বলে সভায় ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের সমর্থক আসাদুজ্জামান এর প্রতিবাদ করেন। একপর্যায়ে এ নিয়ে মনোনয়নপ্রত্যাশী ওই তিন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ১২ জন আহত হন।