ইউপি নির্বাচনে ইসির কর্তৃত্ব নেই: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

নির্বাচন কমিশন (​ইসি) সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচনে সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তৃত্ব থাকা বাঞ্ছনীয়। কিন্তু নির্বাচন কমিশনের কর্তৃত্ব নেই। আজ রোববার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও অর্থ বিষয়ক সম্পাদক এম এ সালাম নির্বাচন কমিশন সচিবালয়ে যান। সেখানে তাঁরা সারা দেশে ইউপি নির্বাচন নিয়ে বিভিন্ন অনিয়মের বিষয়ে একটি প্রতিবেদন জমা দেন।

সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথে রিজভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, প্রথম ধাপের নির্বাচনে অন্তত ১১৪টি ইউনিয়নে বিএনপির কোনো প্রার্থী নেই। এসব জায়গায় কোথাও কোথাও বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি আবার কোথাও কোথাও বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশনের কর্তৃত্ব নেই উল্লেখ করে রিজভী আরও অভিযোগ করেন, নির্বাহী বিভাগ, সরকার এবং ক্ষমতাসীন দল যা বলে যাচ্ছে তারা তাই করে যাচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসন মিলিতভাবে ক্ষমতাসীন দলকে জেতানোর জন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীদের বাতিল করে আওয়ামী লীগের প্রার্থীদের জিতিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ১১৪ ইউপিতে বিএনপির প্রার্থী নেই।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম দফায় ভোট নেওয়া হবে ২২ মার্চ। ওই দিন ৭৩৮টি ইউনিয়ন পরিষদে এ নির্বাচন হবে। এবারই প্রথম পৌরসভার পর রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে এ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন হবে ছয় ধাপে।

প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার তারিখ ২২ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই করা হবে ২৩-২৪ ফেব্রুয়ারি আর প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩ মার্চ।