ইউপি নির্বাচনে একই পদে স্বামী-স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে নাকাই ইউপির ৩ নম্বর ওয়ার্ডে (কুঞ্জনাকাই গ্রাম) সাধারণ সদস্যপদে টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিদ্দিকুর রহমান। একই ওয়ার্ডে একই পদে ঘুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তাঁর স্ত্রী ইসমেতারা বেগম।
একই পদে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ায় ভোটারদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামী-স্ত্রী দুজনই ভোট প্রার্থনা করছেন। ৩ নম্বর ওয়ার্ডের ভোটার মিজানুর রহমান বলেন, ‘একদিন সিদ্দিকুর ভোট চাইতে আসছেন। পরদিন তাঁর স্ত্রী ভোট চাইতে আসেন। কাকে ভোট দেব তা নিয়ে বিপাকে পড়েছি।’
একই ওয়ার্ডের ভোটার সাখাওয়াত হোসেন বলেন, ‘স্বামী-স্ত্রী লড়াই করে আমাদের চিন্তায় ফেলেছেন। কাকে ভোট দেব সিদ্ধান্ত নিতে পারছি না।’
এই ইউপির চেয়ারম্যান পদে নয়জন, সংরক্ষিত আসনের সদস্যপদে ১৬ জন ও সাধারণ সদস্যপদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে ওই দুই প্রার্থীসহ মোট ছয়জন প্রার্থী।
জানতে চাইলে সিদ্দিকুর গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কোনো কারণে আমার মনোনয়নপত্র বাতিল হলে স্ত্রী লড়বেন। তাই স্বামী-স্ত্রী দুজনেই মনোনয়নপত্র দাখিল করি। কিন্তু শেষ পর্যন্ত বাতিল না হয়ে দুজনেরটাই বৈধ হয়েছে। এখন কী করা। দুজনই প্রতিদ্বন্দ্বিতা করছি। ভোটাররা যাকে ভোট দেন।’ তার স্ত্রী ইসমেতারাও একই মন্তব্য করেন।