ইউপি নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার থেকে বেরিয়ে আসা উচিত: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল
ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় সামাজিক সমস্যা ও একধরনের সহিংস মূল্যবোধ তৈরি হয়েছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ইউপি নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করা থেকে বেরিয়ে আসা উচিত।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার এক মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন।

নির্বাচন কমিশন ৩২টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠানকে এই মতবিনিময় সভায় আমন্ত্রণ জানিয়েছিল। এগুলোর মধ্যে ২৬টি সংস্থার প্রতিনিধি সভায় অংশ নেন।

সভায় এক পর্যবেক্ষক বলেন, আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের সহনশীলতা ছিল। একটা আত্মীয়তাবোধও ছিল। সে যে দলই করুক। কিন্তু এখন এমন একটা পর্যায়ে গেছে যে এক দলের সঙ্গে আরেক দলের যেন আত্মীয়তাও চলবে না। মেয়ের বিয়ে দেওয়াও চলবে না। তার বাড়িতে দাওয়াত খাওয়াও চলবে না। এ রকম একটা অবস্থা হয়ে গেছে।

এই পর্যবেক্ষক আরও বলেন, ‘এটা বেশি হয়েছে যখন ইউনিয়ন পরিষদে মার্কা দেওয়া হয়েছে। নৌকা বলে কোনো কথা নয়, যে মার্কাই হোক না কেন। বিষয়টা হচ্ছে, ঝগড়া-বিবাদকে আমরা এখন ঘর পর্যন্ত নিয়ে গেছি। এটি না হলে একটা সহনশীলতা থাকত।’

টিএমএসএসের পরামর্শক সুশান্ত কুমার প্রামাণিক বলেন, স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচনে দলীয় প্রতীক রাখায় সমস্যা হচ্ছে। এতে করে জনসাধারণের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বিঘ্নিত হচ্ছে। তিনি ও ওই পর্যবেক্ষক—দুজনই বিষয়টি সুরাহা করতে ইসিকে ভূমিকা পালন করার অনুরোধ জানান।

জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘অনেকে বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হওয়ার কারণে সামাজিক সমস্যা হচ্ছে। আমি নিজেও দেখেছি, ওখানে (গ্রামে) নতুন একধরনের সহিংস মূল্যবোধ তৈরি হয়েছে। সেখান থেকে আমাদের উঠে আসা উচিত।’

সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান এবং ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত ছিলেন।