ইউপি নির্বাচনে প্রাণহানি নিয়ে শঙ্কিত আ.লীগ
ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের দিন ১১ জনের প্রাণহানি নিয়ে চিন্তিত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিশেষ করে বেশির ভাগ প্রাণহানি ও সহিংসতার পেছনে দলের লোকজন জড়িত বলে পরের ধাপগুলোর নির্বাচন নিয়ে শঙ্কা বেড়েছে দলটির। এ অবস্থায় পরবর্তী ধাপে সংঘাত এড়ানোকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছে তারা।
আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচনের আগেই কোণঠাসা ছিল। এ অবস্থায় বিপুল সংখ্যায় তাঁদের প্রার্থীরা জয়ী হবেন—এমন ধারণা আগেই ছিল। পৌর নির্বাচনে প্রাণহানি ও সংঘাত কম হওয়ায় ইউপি নির্বাচন নিয়ে অনেকটা নির্ভারও ছিলেন তাঁরা। কিন্তু ভোটের দিন এবং এর আগে—সব মিলিয়ে ২১ জনের প্রাণহানি ভাবনায় ফেলে দিয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটির অন্তত আটজনের সঙ্গে কথা বলে এই মনোভাব জানা গেছে। তবে অধিকাংশ নেতাই নাম প্রকাশ করে বক্তব্য দিতে চাননি।
ওই নেতারা বলেন, যে প্রতিরোধ গড়ে তোলার কথা বিএনপি-জামায়াতের, তা করছেন নিজ দলেরই বিদ্রোহী প্রার্থীরা। এতে একদিকে সমালোচনায় পড়তে হচ্ছে সরকারকে, অন্যদিকে দলের তৃণমূলে বিভেদ বাড়ছে। আহত ও নিহত ব্যক্তিদের প্রায় সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী কিংবা সমর্থক। কেউ নিজ দলের মনোনীত প্রার্থীর পক্ষে ছিলেন, আবার কেউ কেউ নিয়েছিলেন দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষ।
অবশ্য কয়েকজন নেতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি উৎসাহী কর্মকাণ্ডের কারণে প্রাণহানি বেশি হয়েছে। তবে এর ব্যতিক্রমও আছেন কেউ কেউ। একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সত্যটা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগের নেতারা ভোটে ব্যবহারের চেষ্টা করেছেন। আর এটা করতে গেলে কিছু তো ঝামেলা হবেই।
জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন বোর্ডের সদস্য ও সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, অতীতে ইউপি নির্বাচনে আরও বেশি সংঘাত হয়েছে। তবে এবার দিনভর ভালোভাবে ভোট গ্রহণের পর পিরোজপুরের মঠবাড়িয়ার ঘটনা সাফল্য কিছুটা ম্লান করে দিয়েছে। ইউপির পরের ধাপের ভোটে প্রাণহানি ও সংঘাত কমাতে প্রশাসনিক ও দলীয়ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করা যায়, পরের ধাপগুলোতে সংঘাত কমে আসবে।
দলীয় সূত্র জানায়, পৌর নির্বাচনে যতটা গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাই ও বিদ্রোহীদের বসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ইউপি নির্বাচনে তা করা হয়নি। পৌর নির্বাচনে সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতারা খুব তৎপর ছিলেন। কিন্তু ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদের চেয়ে স্থানীয় সাংসদ ও জেলার নেতারাই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আওয়ামী লীগের দুজন কেন্দ্রীয় নেতা বলেন, মুখে তাঁরা ইউপি ভোটে বিপুল বিজয়কেই বড় করে দেখছেন। ভেতরে ভেতরে সংঘাতের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পরবর্তী পর্বে কীভাবে সংঘাত কমানো যায়, সেটা নিয়ে কাজ করার জন্য দলের শীর্ষ পর্যায় থেকে তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রশাসনকে আরও কীভাবে কৌশলী ভূমিকায় রাখা যায়, সেটা নিয়েও বিশ্লেষণ চলছে দলে।
৩১ মার্চ দ্বিতীয় পর্বের আর ২৩ এপ্রিল তৃতীয় পর্বের ভোট হবে। দুই পর্ব মিলিয়ে ভোট হবে ১ হাজার ৪২১টি ইউপিতে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগামী সপ্তাহ থেকে চতুর্থ ধাপের প্রার্থী বাছাই শুরু হতে পারে। দলের দায়িত্বশীল সূত্র জানায়, প্রথম পর্বে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন ৪৫০। দ্বিতীয় ধাপে তা ৫০০ ছাড়িয়ে গেছে। তৃতীয় ও চতুর্থ ধাপেও বিদ্রোহী প্রার্থী বাড়বে। কারণ, এবারের ইউপি নির্বাচনে অনেক বিদ্রোহী জয়ী হচ্ছেন। সারা দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপির ভোট গ্রহণ হবে ছয় পর্বে।
মনোনয়ন বোর্ডের আরেক সদস্য ও কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, স্থানীয় নির্বাচনে ঝামেলা হয়। তবে তা যতটা কমিয়ে আনা যায়, সেই চেষ্টা করবে সরকার ও আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দুজন সাংগঠনিক সম্পাদক বলেন, গত দুই বছরে সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকারের যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলোতে ভোটের আগেই বিএনপি-জামায়াতকে কোণঠাসা করে অনেকটা মাঠছাড়া করে রাখা গেছে। বিরোধী দলগুলো সাংগঠনিকভাবে বিপর্যস্ত থাকার কারণে মানুষের মনে এই ধারণা জন্মেছে যে, সরকারি দলই বিপুল সংখ্যায় জয়ী হবে।
এবার ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতকে তেমনভাবে দেখা যায়নি। ফলে সংঘাতের প্রশ্নই ছিল না। কিন্তু প্রশাসনের ঢিলেমি, দলে দ্বন্দ্ব ও স্থানীয় প্রভাবের কারণে আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় আওয়ামী লীগ। এই প্রাণহানির কারণে বিপুল সংখ্যায় জয়ী হয়েও ফলাফল আর মুখ্য থাকছে না। নির্বাচনে সরকারের বিভিন্ন সংস্থার ভূমিকা ও দলের দ্বন্দ্বই মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আওয়ামী লীগ তৃণমূল থেকে সর্বত্রই নিজেদের নির্বাচিত প্রতিনিধি রাখতে চায়। এ জন্যই ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনে যেকোনো মূল্যে ফল পক্ষে আনার পরিকল্পনা নিয়েছিল। ৪৩৩টি পৌরসভার নির্বাচনেও একই কৌশল নেওয়া হয়। সংঘাত-প্রাণহানি কম হওয়ায় বিদেশিরা নির্বাচন নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া কম দেখিয়েছে।