ইউপি নির্বাচনে প্রার্থীদের হুমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীদের নানাভাবে হয়রানি, হুমকি, প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাঁরা। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা ছাড়াও বিভিন্ন ইউনিয়নের বিএনপির অন্তত ২০ জন চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড এবং সন্দ্বীপের ৩০টি ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী এবং নেতা-কর্মীদের হুমকি, পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচারণায় বাধাদান, মামলায় জড়ানোসহ নানা হয়রানির চিত্র তুলে ধরা হয়। তবে বিএনপি নির্বাচন থেকে সরে যাবে না বলেও জানানো হয়। ৩১ মার্চ মিরসরাইয়ের নয়টি, সীতাকুণ্ডের নয়টি এবং সন্দ্বীপের ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউপি নির্বাচন নিয়ে উত্তর জেলা বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর আগে পৌর নির্বাচন নিয়ে নানা অভিযোগ করেছে। এবারও সরকারি দলের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ করে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে।
লিখিত বক্তব্যে তিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার, মামলা ও হামলার ২৩টি সুনির্দিষ্ট অভিযোগ করা হয়। এর মধ্যে রয়েছে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউপির চেয়ারম্যান নূরদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর, মুরাদপুর ইউনিয়নে প্রার্থীর পক্ষে পোস্টার লাগানোর সময় কর্মীদের মারধর, মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নে বিএনপি প্রার্থীর ওপর হামলা এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া, সন্দ্বীপের মগধরা ইউনিয়নে বিএনপির প্রার্থীর ওপর হামলার ঘটনা।
আসলাম চৌধুরী অভিযোগ করেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো চট্টগ্রাম উত্তর জেলায়ও একতরফা নির্বাচন অনুষ্ঠানের চক্রান্ত করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে দমন-পীড়ন বন্ধ করা না হলে এই সরকার জনরোষে পড়তে বাধ্য হবে বলে তিনি মন্তব্য করেন। জনগণের রায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে তা কঠোরহস্তে প্রতিরোধ করা হবে বলে জানান তিনি।
হয়রানি, মিথ্যা মামলা, ধরপাকড় বন্ধ করার দাবি জানিয়ে লিখিত বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। কোনো প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়া যাবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসলাম চৌধুরী বলেন, বিভিন্ন সময় হামলার ঘটনায় দলের নেতারা অভিযোগ করলেও নির্বাচন কমিশন কিংবা পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সংবাদ সম্মেলনে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আমিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক মো. তফাজ্জল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মহিউদ্দিন আহমেদ, ফটিকছড়ি বিএনপির সাবেক সহসভাপতি মো. সালাহউদ্দিন, হাটহাজারী বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।