ইউপি নির্বাচনে বিএনপির ভাসা ভাসা ভাব: শেখ হাসিনা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির ‘গরজ নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যার যার প্রতীক নিয়ে ইউপি নির্বাচন হচ্ছে। সেই ইলেকশনেও তাদের খুব একটা গরজ দেখছি না। কেমন যেন একটা ভাসা ভাসা ভাব।’
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রোববার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি শুধু বক্তৃতা বিবৃতিই দিয়ে যাচ্ছে। শুধু অভিযোগ করে যাচ্ছে। কিন্তু তাদের কর্মকাণ্ডটা কোথায়? শুধু নালিশ করা। তো নালিশ করে কী হচ্ছে—নালিশ করে বালিশ পায়, ভাঙা জুতার বাড়ি খায়।’
শেখ হাসিনা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘ক্ষমতা মানে নিজের ভাগ্য গড়া না। ক্ষমতা মানে আমাদের কাছে দেশের ভাগ্য গড়ে তোলা। মানুষের কল্যাণ করা, যেটা জাতির পিতা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। বঙ্গবন্ধু তাঁর ৭ মার্চের ভাষণেও বলেছেন শোষিত-বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের কথা। আমরা সেই শোষিত-বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।’ তিনি বলেন, ‘আজ যখন আমরা স্বাধীনতার চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছি, যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি, তখন নানাভাবে আমাদের সরকারকে হেয় করা কিংবা ব্যতিব্যস্ত করে রাখবে, এটা স্বাভাবিক। কারণ ওই পরাজিত শক্তিদের দোসর, পঁচাত্তরের খুনি কিংবা যুদ্ধাপরাধীদের দোসর এমনিতেই থেমে যাবে না। তারা সব সময় সক্রিয় থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাদের মোকাবিলা করেই আমাদের চলতে হবে।’ তিনি বলেন, ‘আমরা এভাবেই এগিয়ে যাচ্ছি। শত প্রতিবন্ধকতা শুধু দেশের মধ্যে না, ভেতরে-বাইরে অনেক জায়গা থেকেই বারবার বাধা আসে। সেই বাধা অতিক্রম করেই এগিয়ে যাচ্ছি। উন্নয়নের রোল মডেল হয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’ নীতি ও আদর্শের কারণেই এ সবকিছু তিনি পারছেন বলে বক্তব্য দেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম না উল্লেখ করে তাঁকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর মুখে হাসি থাকবে কীভাবে? তাঁর যে পেয়ারের লোকগুলোর একে ফাঁসি হচ্ছে, একে যুদ্ধাপরাধে তাঁদের শাস্তি হচ্ছে এবং জনগণের সমর্থন তাঁদের প্রতি নাই। যখন মানুষ পুড়েছে তখন তাঁর মুখে হাসি ছিল। তখন হয়তো আপনারা দেখতে পাননি। কারণ নিজেই নিজেকে অবরুদ্ধ করে রেখেছিলেন।’
শেখ হাসিনা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের কথা উল্লেখ করে বলেন, ‘এরপর ৭ মার্চের ভাষণ। বঙ্গবন্ধু বলে গেছেন কী কী করতে হবে। দেশের মানুষ তা অক্ষরে অক্ষরে পালন করেছে। বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” পড়লে জানা যাবে। রাজনীতি করতে হলে ইতিহাস জানা খুব দরকার। বইটি পড়লে দেখা যাবে, বঙ্গবন্ধু কীভাবে ধাপে ধাপে বাঙালি জাতিকে স্বাধীনতার দিকে নিয়ে গিয়েছিলেন।’ তিনি বলেন, ‘ওই ভাষণে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পাকিস্তানিরা ধরতে পারেনি। তিনি এমনভাবে দিয়েছিলেন, পাকিস্তানিরা বুঝতে না পারলেও বাঙালি জাতির কাছে ঠিকই তথ্য পৌঁছে গেছে।’
আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু সব সময় চেয়েছিলেন আমরা প্রথমে আক্রান্ত হই। আর পাকিস্তান আক্রমণকারী হোক। তাহলে আমরা বহির্বিশ্বে সমর্থন পাব। তিনি তা পেরেছিলেনও।’
সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।