ইউপি নির্বাচনে সর্বশেষ আ.লীগ ৩৮৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার ৭১২টি ইউনিয়ন পরিষদে (​ইউপি) অনুষ্ঠিত নির্বাচনে সরকারিভাবে সর্বশেষ ৪৮৮টির ফল পাওয়া ​গেছে। দলীয় প্রতীকে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে ​বেশ এগিয়ে আছে আওয়ামী লীগের প্রার্থীরা। ভোট পড়েছে ৭৩ দশমিক ৮২ শতাংশ।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে আজ বুধবার বিকেল সাড়ে চারটায় পাওয়া সর্বশেষ তথ্যে বলা হয়, ৪৮৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে আওয়ামী লীগ ৩৮৭টি, বিএনপির ২৬টি, জাতীয় পার্টি ৩টি, জাসদ ২টি, ওয়ার্কার্স পার্টি ১টি, ইসলামি শাসনতন্ত্র ১টি ও স্বতন্ত্র প্রার্থী ৬৮জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এই ধাপে ৫৪টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

দেশের বিভিন্ন স্থানে গতকাল সংঘর্ষ, ব্যালট বাক্স ছিনতাইসহ বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের ভোট গ্রহণ হয়েছে। রাতে পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোটকেন্দ্রের বাইরে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এ ছাড়া কক্সবাজারের টেকনাফে গুলিতে দুজন, সিরাজগঞ্জের রায়গঞ্জ, ঝালকাঠি, পটুয়াখালী ও নেত্রকোনায় একজন করে নিহত হয়েছেন।

ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও পুলিশের গুলিতে আহত হয়েছেন সহস্রাধিক। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য আহত হয়েছেন। ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকে গত সোমবার পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে ১০ জন নিহত হন। আহত হন দুই হাজারের বেশি। গতকাল আরও ১১ জনসহ নিহতের সংখ্যা বেড়ে হলো ২১।