ইউপি নির্বাচনে ‘সেরকম’ সহিংসতা হচ্ছে না: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিইসি কে এম নুরুল হুদা
ফাইল ছবি


ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সারা দেশে সহিংসতায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হলেও নির্বাচনে ‘সেরকম’ কোনো সহিংসতা হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তাঁর মতে, যেসব এলাকায় সহিংসতা হচ্ছে, এসব এলাকা আগে থেকেই সহিংসতাপ্রবণ।

আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিইসি গত দুই ধাপের ইউপি নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন। এ সময় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত থাকলেও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও কবিতা খানম উপস্থিত ছিলেন না।

কে এম নূরুল হুদা বলেন, ‘আমার অঞ্চলভিত্তিক কথা বলা ঠিক হবে না। কিন্তু যেসব এলাকায় এসব ঘটনা (সহিংসতা) ঘটেছে, সেগুলো আসলেই একটা অস্থিতিশীল পরিস্থিতির জায়গা। এসব জায়গায় এ রকম ঘটনা ঘটে।’

এদিকে স্থানীয় সরকারের সাম্প্রতিক নির্বাচন নিয়ে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন, প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিইউতে থাকার মতো অবস্থায়। আর এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র লাইফ সাপোর্টে রয়েছে।

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সিইসি বলেন, ‘উনি যে কথাগুলো ব্যবহার করেছেন, সেগুলো শালীনতাবহির্ভূত। আইসিইউ, লাইফ সাপোর্ট—এ কথাগুলো শালীন মনে করি না।’ অবশ্য মাহবুব তালুকদারের অনুপস্থিতিতে কথা বলতে চাননি সিইসি।

সংবাদ সম্মেলনের শুরুতেই লিখিত বক্তব্যে গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন সহিংসতার ঘটনা উল্লেখ করে সিইসি বলেন, সারা দেশে নির্বাচনী সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে এসব প্রাণহানির ঘটনার সবগুলো নির্বাচনী সংঘর্ষের কারণে হয়েছে কি না, তা অনুসন্ধানের দাবি রাখে। এর মধ্যে মাত্র কয়েকটি ঘটনা ভোটকেন্দ্রে বা ভোটের দিন ঘটেছে। কোনো ঘটনা নির্বাচনী তফসিল ঘোষণার আগেই ঘটেছে, আবার কোনোটা রাতের আঁধারে ঘটেছে।