ইউপি নির্বাচনে 'গা ঝাড়া' দিচ্ছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম দুই ধাপের নির্বাচনে ‘গা ছাড়া’ ভাব থাকলেও তৃতীয় দফা থেকে এই নির্বাচনে ‘গা ঝাড়া’ দিয়ে উঠছে বিএনপি। তৃতীয় দফা নির্বাচন থেকে দলটির কেন্দ্রীয় নেতাদের মাঠে সক্রিয় হতে নির্দেশ দিয়ে চিঠি পাঠানো শুরু হয়েছে। আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ভোটগ্রহণ করা হবে। এরপর আরও দুটি ধাপে ভোট হবে।

কেন্দ্রীয়ভাবে বিএনপির নির্বাচন সমন্বয়ে যুক্ত সূত্রগুলো জানায়, নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারে নামা ও ভোটারদের সংগঠিত করা, সরকারি দলের হুমকি-ধমকির প্রতিবাদ জানাতে দলের কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া শুরু করেছে বিএনপি। পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিভাগওয়ারী কমিটি গঠন করবে দলটি।
দলটির দায়িত্বশীল নেতারা এখন বলছেন, শুধু থাকা নয়, তৃতীয় ধাপ থেকে বিএনপি ভালোভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় নেতাদেরও নির্বাচনে যুক্ত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। এ জন্য নেতাদের একটি চিঠি দেওয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় সব নেতার পাশাপাশি জেলা নেতাদেরও এই চিঠি দেওয়া হচ্ছে। পাঁচ শতাধিক নেতাকে এই চিঠি দেওয়া হচ্ছে। চিঠিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চিঠিতে গণসংযোগের মাধ্যমে ভোটারদের সংগঠিত করা, প্রার্থীদের সাহস জোগানো, সরকারি দলের প্রার্থীরা হুমকি-ধমকি দিলে বা ভোট ডাকাতির চেষ্টা করলে সাধারণ মানুষকে সংঘবদ্ধ করে প্রতিবাদ জানাতে বলা হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিস্থিতি তুলে ধরার নির্দেশনাও দেওয়া হয়েছে।
দলের পক্ষ থেকে চিঠিতে ইউপি নির্বাচন সমন্বয়কারী হিসেবে সই করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারসহ সব ধরনের কর্মকাণ্ডে অংশ নিতে কেন্দ্রীয় নেতাদের বলা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের কেন্দ্রীয় কাউন্সিল নিয়ে কেন্দ্রীয় নেতারা ব্যস্ত থাকায় প্রথম দুই ধাপের নির্বাচনে কেন্দ্রীয় নেতারা সেভাবে সময় দিতে পারেননি। তিনি বলেন, বিএনপি বিভাগ ভিত্তিক নির্বাচন পর্যবেক্ষণ কমিটিও গঠন করবে। এসব টিমের কাজ হবে নির্বাচনের আগে পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তা কেন্দ্রকে জানানো। মাঠপর্যায়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া। দু-এক দিনের মধ্যে এই কমিটি গঠন করা হবে।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। প্রথম দুই ধাপের নির্বাচনের পর বিএনপি নির্বাচন বর্জন করারও চিন্তা করেছিল। দলটির জেলা নেতাদের একটি বড় অংশ নির্বাচন বর্জনের পক্ষে মত দেন। বিপরীতে গত ৩ এপ্রিল এক বৈঠকে দলের জ্যেষ্ঠ নেতাদের বেশির ভাগ নির্বাচনে থাকার পক্ষে মত দেওয়ার পর নির্বাচনে থাকার সিদ্ধান্ত হয়।
প্রথম দুই ধাপের নির্বাচনে বিএনপি অংশ নিলেও কেন্দ্র বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। কেন্দ্র থেকে প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষর করা আর সময়-সময় সংবাদ সম্মেলন করার মধ্যেই কার্যত সীমাবদ্ধ ছিল কেন্দ্রীয় বিএনপি। সরকারি দলের সাংসদ-মন্ত্রীদের মতো কোনো আইনি বাধা না থাকলেও বিএনপির কেন্দ্রীয় নেতাদের কেউ সেভাবে প্রার্থীদের পক্ষে প্রচারে নামেননি। কেন্দ্র থেকে এ বিষয়ে কোনো নির্দেশনাও ছিল না। যারা এলাকায় গিয়েছিলেন, তাঁরা গিয়েছিলেন নিজস্ব উদ্যোগে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজেও গত ১৯ মার্চ দলের কাউন্সিলে বলেছিলেন, তাঁরা ইউপি নির্বাচনকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। অবশ্য এখন বিএনপির অবস্থান বদলাচ্ছে।