ইউপি নির্বাচনেও দলীয় মনোনয়ন দেবেন শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও দলীয় প্রার্থী মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌর নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা শেষে এ কথা জানান দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

আবদুস সোবহান বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে। কারণ এটা নৌকা প্রতীকের নির্বাচন।’ তিনি প্রথম আলোকে বলেন, জেলা-উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকেরা আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করবেন। এরপর তাঁদের নাম কেন্দ্রে পাঠানো হবে। তৃণমূল থেকে একক প্রার্থী পাঠালে সেটা কেন্দ্র হস্তক্ষেপ করবে না। তবে একাধিক প্রার্থী পাঠালে সেখানে কেন্দ্র হস্তক্ষেপ করবে। এরপর মাঠ পর্যায়ে খোঁজ-খবর নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হবে।
আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌর নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজকের সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
বৈঠক শেষে বেরিয়ে সেখানে উপস্থিত একাধিক নেতা প্রথম আলোকে বলেন, গত পৌর নির্বাচনে সাংসদের হস্তক্ষেপে প্রার্থী মনোনয়ন দিতে হিমশিম খেতে হয়। এবারের ইউপি নির্বাচনে তাঁদের পরামর্শ না নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে মাহবুব উল আলম হানিফ জানান, ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চাঁদপুরের শাহরাস্তি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবদুল লতিফ এবং ভোলার চরফ্যাশনে মনোনয়ন পেয়েছেন বাদল কৃষ্ণ দেবনাথ।