ইউপি নির্বাচনেও ২০ দল ঐক্যবদ্ধ: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভার মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে অংশ নেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ শুক্রবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির​ ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।

তবে এই বৈঠকে জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীর কেউ উপস্থিত ছিলেন না।
মির্জা ফখরুল বলেন, বৈঠকে ইউপি নির্বাচনে ২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ জোট মনে করে, সরকার একতরফাভাবে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে, এটা গভীর ষড়যন্ত্রমূলক। তারপরও এ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ২০ দলীয় জোট নির্বাচনকে চলমান গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ হিসেবে মনে করে।
শরিকদের জন্য ইউপি ছেড়ে দেওয়া হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা আপনারা পরে জানতে পারবেন।’ বৈঠকে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নিন্দা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানানো হয় বলে জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, এনডিপির গোলাম মোর্ত্তজা, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি ওয়াক্কাস, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, জাগপার খন্দকার লুৎফর রহমান, এনপিপির মোস্তাফিজুর রহমান, ইসলামী ঐক্যজোটের আবদুল করিম, বিজেপির আবদুল মতিন ও বাংলাদেশ লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।