ইউপি নির্বাচনের জন্য আ.লীগের সম্মেলন পেছাতে পারে: হানিফ
আওয়ামী লীগের আসন্ন ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন পেছাতে পারে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, দলের পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের তারিখ পরিবর্তনের ঘোষণা আসতে পারে।
গতকাল বুধবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এ কথা বলেন। ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের তারিখ ঠিক করা হয়েছিল।
মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ একটা বড় দল। সারা দেশ থেকে নেতা-কর্মীরা কাউন্সিলে যোগ দেবেন। সঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন দলের নেতা-কর্মীরাও সম্মেলনে আসবেন। যেহেতু এবারই প্রথম দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, তাই সব নেতা-কর্মী নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে যেকোনো পর্যায়ের নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের যারা সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দলের সম্পাদকমণ্ডলীর নেতারা বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, আবদুস সোবহান, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।