ইউপি নির্বাচনের দুটি ধাপই প্রশ্নবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম দুই ধাপের ভোটই প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের আন্তর্জাতিক মানদণ্ড প্রতিপালিত হয়নি। গতকাল শনিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
‘পিপলস এগেইনস্ট ভায়োলেন্স ইন ইলেকশন’ শিরোনামে এ বৈঠক যৌথভাবে আয়োজন করে সুজন ও হাঙ্গার প্রজেক্ট।
বৈঠকে সম্মিলিতভাবে গণতন্ত্র রক্ষা এবং নির্বাচনব্যবস্থাকে টেকসই করতে রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান সুজনের সম্পাদক। তিনি বলেন, ইউপি নির্বাচনে সহিংসতা হওয়ার কারণে শান্তি বিঘ্নিত হয়েছে, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থায় কাম্য নয়। এই সহিংসতা দেশে শান্তি ও অগ্রগতির ক্ষেত্রে অন্তরায়। তিনি সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী এবং নির্বাচন কমিশনকে আরও কঠোর, শক্তিশালী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
সুজন জেলা শাখার সহসভাপতি খন্দকার ফখরুল আনামের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও সাবেক সাংসদ মোফাজ্জল হোসেন, সাবেক সাংসদ আসিফ শাহরিয়ার, মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি শাহাদত হোসেন, সুজনের জেলা সম্পাদক আকবর হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ প্রমুখ।