ইউপিতে সক্রিয় হতে উদ্যোগী বিএনপি, সাফল্য নিয়ে সংশয়
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আরও সক্রিয় হতে চায় বিএনপি। এ জন্য কেন্দ্রীয় নেতাদের যাঁর যাঁর এলাকায় নির্বাচনী প্রচারে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে গঠন করা হয়েছে বিভাগওয়ারী কমিটি।
কিন্তু বিএনপির সূত্রগুলো বলছে, এই উদ্যোগে এখনো কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না। দলের কেন্দ্রীয় কমিটি গঠনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতারা ঢাকাতেই বেশি সময় দিচ্ছেন। এ অবস্থায় শেষ পর্যন্ত বিএনপি কতটুকু সক্রিয় হতে পারবে, তা নিয়ে দলে সংশয় আছে।
আজ শনিবার ইউপি নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ করা হবে। দলীয় প্রতীকে এবার প্রথমবারের মতো ইউপিতে চেয়ারম্যান নির্বাচন হচ্ছে। প্রথম দুই ধাপের নির্বাচনে কেন্দ্র থেকে প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষর করা আর সময়-সময় সংবাদ সম্মেলন করার মধ্যেই কার্যত সীমাবদ্ধ ছিল কেন্দ্রীয় বিএনপি। দুই-একজন ছাড়া কেন্দ্রীয় নেতাদের সেভাবে প্রার্থীদের পক্ষে প্রচারে নামতে দেখা যায়নি। কেন্দ্র থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনাও ছিল না।
প্রথম দুই ধাপের পর বিএনপি নির্বাচন বর্জন করারও চিন্তা করেছিল। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে ভালোভাবে থাকার সিদ্ধান্ত নেয়। দলীয় সূত্র বলেছে, ৯ এপ্রিল থেকে নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারে নামা ও ভোটারদের সংগঠিত করা, সরকারি দলের হুমকি-ধমকির প্রতিবাদ জানাতে দলের কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের নির্দেশ দিয়ে চিঠি দেয় বিএনপি।
কেন্দ্রীয়ভাবে বিএনপির নির্বাচন সমন্বয়ে যুক্ত দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রথম আলোকে বলেন, বিএনপির নির্বাহী কমিটি, জাতীয় স্থায়ী কমিটির নেতাদের ও ২০০৮ সালের নির্বাচনে যাঁরা সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তাঁদের এবং জেলা ও উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকদের দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতাদের নির্বাচন উপলক্ষে যাঁর যাঁর এলাকায় যেতে বলা হয়েছে।
সূত্র বলেছে, নির্বাচনে অনিয়ম তুলে ধরা, প্রার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া, নেতা-কর্মীদের মাঠে নামানোর জন্য উদ্বুদ্ধ করার লক্ষ্যে দলের জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে বিভাগওয়ারী নির্বাচন পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বিএনপি। চট্টগ্রামকে দুটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ অঞ্চলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও ‘খ’ অঞ্চলে হারুন আল রশীদ; বরিশালে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান; খুলনায় চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান ও রংপুরে এ জেড এম জাহিদ হোসেন; ঢাকায় ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং বৃহত্তর ময়মনসিংহে চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুককে ও সিলেটে ইনাম আহমেদ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
খুলনা বিভাগের দায়িত্বে থাকা শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁদের মূল কাজ দলের প্রার্থীদের অবস্থা কেমন, কোথায় কোথায় কী ধরনের বাধা দেওয়া হচ্ছে এসব পর্যবেক্ষণ করা, প্রার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া এবং দলকে অবস্থা জানানো। ইতিমধ্যে তাঁরা কাজ শুরু করেছেন। কেন্দ্রীয় নেতাদের অনেকেও এলাকায় যাওয়া শুরু করেছেন।
অবশ্য বিএনপির সূত্র বলেছে, নির্বাচনের জন্য যাঁর যাঁর এলাকায় যাওয়ার নির্দেশ সবাই মানছেন না। নেতাদের অনেকে দলের কেন্দ্রীয় কমিটিতে পদ পেতে বিভিন্ন জায়গায় তদবির, যোগাযোগ রক্ষায় ব্যস্ততার জন্য ঢাকায়ই থাকছেন।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয়ভাবে বিএনপির নির্বাচন সমন্বয়কারী মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, তাঁরা চিঠি দেওয়ার পর স্থানীয় নেতা ও সাবেক সাংসদেরা নির্বাচনী প্রচারের কাজ শুরু করেছেন। কেন্দ্রীয় নেতাদের অনেকে নিজ নিজ এলাকায় যাওয়া শুরু করেছেন। তিনি আশা করেন, সব কেন্দ্রীয় নেতা নির্বাচনী প্রচারে যাবেন।