ইউপিতে সহিংসতা বিএনপির কারণে: আ.লীগ
সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার দায় বিএনপির ওপর চাপিয়েছে আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি এই নির্বাচন রাজনৈতিকভাবে মোকাবিলা করলে এ ধরনের সহিংস ঘটনা কম হতো। বিএনপি শুরু থেকেই ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচন ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার পথ বেছে নিয়েছে। এর ফলে যেসব স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মনোনয়ন পাননি, সেসব স্থানে বিদ্রোহী প্রার্থীদের ওপর ভর করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে।
গতকাল রোববার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর এক সভা শেষে সংবাদ সম্মেলনে হানিফ এ কথা বলেন।
ইউপি নির্বাচনে প্রাণহানির সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, নির্বাচনের আগে-পরে যে প্রাণহানি হয়েছে তার সব নির্বাচনকে ঘিরে নয়। এর মধ্যে অনেকেই আছেন পারিবারিক, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কিংবা অসুস্থ হয়ে মারা গেছেন। আর এসব মৃত্যুকে নির্বাচনী ঘটনায় ঘটেছে বলে সংযুক্ত করা হয়েছে। এটি আসলে সংখ্যা বৃদ্ধি করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার কৌশল।
চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে হানিফ বলেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
‘গণতন্ত্র সংকুচিত হওয়ায় দেশে গুপ্তহত্যা বাড়ছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য সম্পর্কে হানিফ বলেন, ‘এই কথার মাধ্যমে প্রকারান্তরে কি ফখরুল সাহেব হত্যার দায় স্বীকার করে নিচ্ছেন? তাহলে কি তাঁরা তাঁদের কর্মসূচি পালন করতে পারছেন না বলে এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে প্রমাণ করতে চাচ্ছেন দেশে গণতন্ত্র নাই?’
সংবাদ সম্মেলনের আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, ইয়াফেস ওসমান প্রমুখ।