ইউপিতে ২০ দল ঐক্যবদ্ধভাবে অংশ নেবে
পৌরসভার মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে অংশ নেবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। গতকাল শুক্রবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠকে জোটের অন্যতম দুই শরিক দল জামায়াতে ইসলামী ও অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেউ ছিলেন না।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বৈঠকে ইউপি নির্বাচনে ২০-দলীয় জোট ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, জোট মনে করে, সরকার একতরফাভাবে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে, এটা গভীর ষড়যন্ত্রমূলক। তারপরও এ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, ২০-দলীয় জোট নির্বাচনকে চলমান গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ হিসেবে মনে করে।
শরিকদের মধ্যে আসন বণ্টন করা হয়েছে কি না—সাংবাদিকদের এ প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘এটা আপনারা পরে জানতে পারবেন।’
বৈঠক সূত্র বলেছে, ইউপি নির্বাচন নিয়ে জোটের একক প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা জানান। পরে অন্য কয়েকটি দলের নেতারাও এতে একমত হন।
তবে বৈঠকে উপস্থিত থাকা একটি দলের মহাসচিব গতকাল রাতে প্রথম আলোকে বলেন, উত্তরাঞ্চলের কিছু ইউনিয়ন পরিষদে তাঁর দল প্রার্থী দেবে। এতে বিএনপির সমর্থন চাওয়া হবে। বিএনপি সমর্থন না দিলেও তাঁদের প্রার্থীরা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।