ইউপির প্রার্থী নির্ধারণে মঙ্গলবার বসছে আ.লীগ
আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে মঙ্গলবার রাত আটটায় বৈঠকে বসছে আওয়ামী লীগের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ড। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠেয় এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
রোববার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে বৈঠকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের সমন্বয়ে গঠিত নির্বাচনী বোর্ডকে প্রার্থীর নাম চূড়ান্ত করে আগামীকাল সোমবারের মধ্যে দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেয় দলটি। প্রার্থীর তালিকা পাওয়ার পর সেগুলো নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ড সভায় মঙ্গলবার বসবে দলটি।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে। পর্যায়ক্রমে ৪ জুন পর্যন্ত মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৫টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।