ইকবাল এত দিন কোথায় ছিল? কারা তাকে সেখানে নিল: প্রশ্ন মির্জা ফখরুলের
কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরিফ রাখার ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক ইকবাল হোসেনকে নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজকে পত্রপত্রিকায় লেখা হচ্ছে, ইকবাল নামে একজন অপ্রকৃতিস্থ এবং মাদকসেবী, তাকে ধরা হয়েছে। এটা (ইকবাল) এত দিন কোথায় ছিল? কারা তাকে সেখানে নিল?’
আজ শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০–দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এ কথাগুলো বলেন।
এবারের দুর্গাপূজায় বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, সরকারের মদদ ছাড়া কখনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না। যারা সরকারে থাকে, তারাই করে। তিনি সরকারকে উদ্দেশে বলেন, ‘কেন আপনারা ঘণ্টার পর ঘণ্টা চলে গেল, কোনো পুলিশ পাঠালেন না বা পুলিশ গেল না বা পুলিশ থেকেও কোনো ব্যবস্থা নিল না। কেন এটা হলো?’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘রংপুরের ঘটনায় দেখলাম একদিকে ওসি, চেয়ারম্যান সবাই মিলে আলোচনা করছে, একটা আপস করার চেষ্টা করছে। অন্যদিকে বাইরে থেকে এসে লোকজন মাঝিপাড়া জ্বালিয়ে দিয়েছে। দুর্ভাগ্য। তাহলে কি আমরা বলব যে তাদের ছত্রচ্ছায়ায় এই ঘটনা ঘটেছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘কুমিল্লার ঘটনার পর ওবায়দুল কাদের সাহেব কী করলেন? যখনই সেদিন ঘটনাগুলো ঘটল, প্রথমে ওবায়দুল কাদের সাহেব বললেন, এটা বিএনপি-জামায়াতের লোকেরা করেছে। কথায় কথায় উনি একটাই কথা বলেন যে যত দোষ নন্দ ঘোষ। আপনাদের চরম ব্যর্থতা যে আজকে এই সমাজে কোনো মানুষের নিরাপত্তা দিতে পারেন না।’
সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের ধর্ম পালন করবেন, মুসলিমরা তাঁদের ধর্ম পালন করবেন, বৌদ্ধরা-খ্রিষ্টানরা তাঁদের ধর্ম পালন করবেন—এটাই তো বাংলাদেশ। আপনারা কী করছেন? অত্যন্ত পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন।
শুধু মানুষের দৃষ্টিটা, মানুষের মনোযোগকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার এই বিষয়টাকে সামনে নিয়ে এসেছে।’
সরকার একেক সময়ে একেকটা বিভাজন তৈরি করছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, সেই বিভাজনে একেক সময় একেকটাকে সামনে নিয়ে আসে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষে শক্তি, বিপক্ষের শক্তি। এখন তারা ধর্মীয় বিভাজনে নেমে পড়েছে, কী করে মানুষের মূল যে সমস্যা সেখান থেকে তাদের বিভ্রান্ত করা যায়। এখন সমস্যা জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ ভোট দিতে পারে না, কথা বলতে পারে না, শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সেই জায়গাগুলো থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে এসে একটা সাম্প্রদায়িক সংকট তৈরি করছে সরকার।
দেশের বর্তমান পরিস্থিতির উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মানুষ দুঃসহ অবস্থার মধ্যে বাস করছে। প্রতিদিন জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। চাল, তেল, লবণ, চিনির দাম বেড়ে গেছে। কিন্তু মানুষের আয় বাড়েনি। যার ফলে মানুষ গরিব থেকে আরও গরিব হচ্ছে, আর আওয়ামী লীগের লুটেরারা ধনী থেকে ধনী হচ্ছে। দুর্নীতি এমন একটা পর্যায়ে গেছে যে সিস্টেম অব দ্য স্টেট হচ্ছে দুর্নীতি।
এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে জনগণের ঐক্য সৃষ্টির কোনো বিকল্প নেই উল্লেখ করে সরকার হটানোর জন্য দলমত-নির্বিশেষে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব, জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমান, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান, সাংগঠনিক সম্পাদক জহুরা খাতুন, মেজবাউল ইসলাম প্রমুখ।