ইকবালের পক্ষে নামেননি মোজাম্মেলের সমর্থকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকবাল হোসেন
ইকবাল হোসেন

শরীয়তপুর-১ (সদর ও জাজিরা) আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন (অপু)। ১০ বছর ধরে এই আসনের সাংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। মনোনয়ন নিয়ে দুই নেতার বিরোধ দীর্ঘদিনের। মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে দুই নেতার অনুসারীরা বিভক্ত হয়ে পড়েন। তাই দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামছেন না সাংসদের অনুসারীরা।
আওয়ামী লীগ সূত্র জানায়, শরীয়তপুরের স্থানীয় রাজনীতি ও শরীয়তপুর –১ আসনের মনোনয়ন নিয়ে সাংসদ বি এম মোজাম্মেল হকের সঙ্গে ইকবাল হোসেনের বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে প্রায়ই তাঁদের সমর্থকদের মধ্যে সংঘাত ও সংঘর্ষ হচ্ছে। পৃথকভাবে কর্মসূচি পালন করছে দুই পক্ষ। এই বিরোধ চূড়ান্ত রূপ নেয় ২০১৬ সালে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে। বিরোধের কারণে সম্মেলনের দেড় বছর পর কমিটি অনুমোদন দেওয়া হয় কেন্দ্র থেকে। ওই কমিটির পদ পাওয়ার সুযোগ থেকে ইকবাল হোসেনের অনুসারী নেতারা বঞ্চিত হন।
আওয়ামী লীগ থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয় গত ২৬ নভেম্বর। এর তিন–চার দিন আগেই ইকবাল হোসেনের মনোনয়ন দেওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এরপর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর-জাজিরার বেশ কিছু নেতা মনোনয়ন পরিবর্তনের জন্য মোজাম্মেল হকের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের কাছে যান। এ খবর পেয়ে ইকবাল হোসেন ক্ষুব্ধ হন। ২৭ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এরপর ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর তিনি প্রচারণা শুরু করেন। কিন্তু মোজাম্মেল হক সমর্থিত নেতা ও জনপ্রতিনিধিরা এখনো নির্বাচনের মাঠে নামেননি। এমনকি সাংসদ মোজাম্মেল হকও নির্বাচনী এলাকায় আসেননি। দলীয় প্রার্থীর পক্ষে কোনো ভূমিকা নেননি তিনি।
সদর উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার সাংসদের অনুসারী হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমরা নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে চাই। দলকে জয়ী করতে ভূমিকা রাখতে চাই। কিন্তু আমাদের বাধা দেওয়া হচ্ছে। কাজ করতে দেওয়া হচ্ছে না। তাঁর (ইকবাল হোসেন) সমর্থিত নেতা-কর্মীরা বাধা দিচ্ছেন। কোথাও কোথাও পুলিশ বাধা দিচ্ছে। তিনিও আমাদের ডাকেন না।’
একই রকম অভিযোগ করেন জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব। তিনি বলেন, ‘বর্তমান সাংসদের পরিবর্তে দল আরেক কেন্দ্রীয় নেতাকে মনোনয়ন দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভা করে সব নেতা-কর্মীকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু প্রচারণায় অংশগ্রহণ কষ্টকর হয়ে পড়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন বলেন, ‘সবাইকে নিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করব। আমার পক্ষ থেকে সব পর্যায়ের নেতা-কর্মীদের নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু দলের ভেতরের কিছু ষড়যন্ত্রকারী আমাকে বিপদে ফেলার পাঁয়তারা করছেন। বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। সব ষড়যন্ত্র ভেদ করে নৌকা প্রতীককে বিজয়ী করব। আওয়ামী লীগও ক্ষমতায় আসবে।’