ইজতেমা সামনে রেখে অবরোধ প্রত্যাহারের আহ্বান আ.লীগের
বিশ্ব ইজতেমার কারণে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ আহ্বান জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে ৯-১১ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারি দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে সেখানে ধর্মপ্রাণ মানুষ আসতে শুরু করেছেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, আজ বিশ্ব ইজতেমার উদ্যোক্তাদের মুরুব্বি প্রতিনিধিদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি পূর্বনির্ধারিত সময়সূচি না থাকার অজুহাতে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেননি। এ ঘটনার মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হলো তাঁর ধর্মীয় বিশ্বাস একেবারেই ঠুনকো। ধর্মকে ব্যবহার করে রাজনীতি কলুষিত করাই তাঁর লক্ষ্য।
হানিফ বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে বলেন, রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ ও দিশেহারা হয়ে তিনি নিরাপরাধ শান্তিকামী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
‘তারেকের হঠকারি সিদ্ধান্ত বিএনপিকে কবরে নেবে’
এর আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘৫ জানুয়ারির আনন্দ আমরা ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠান করব। সন্ত্রাস করলে যত বড় নেতাই হন গ্রেপ্তার হবেন। মাঠ আমাদের দখলে থাকবে, কাউকে নামতে দেব না। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি করতে চাইলে ধরে তাদের পুলিশে দিন। নিজের হাতে আইন তুলে নেবেন না। তারেকের হঠকারি সিদ্ধান্তে বিএনপিকে কবরে নিয়ে যাবে। আমাদের কিছু করতে হবে না।’