ইজতেমার জন্য অবরোধ প্রত্যাহারের আহ্বান আ. লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ইজতেমা সামনে। তাই বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটকে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
টঙ্গীর তুরাগ নদের তীরে ৯ জানুয়ারি থেকে দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে সেখানে ধর্মপ্রাণ মানুষ টঙ্গীর উদ্দেশে রওনা দিয়েছেন।
মাহবুব উল আলম হানিফ দাবি করেন, বিশ্ব ইজতেমার উদ্যোক্তাদের মুরুব্বি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি আগে সময়সূচি ঠিক করা না থাকার অজুহাতে তাদের সঙ্গে দেখা করেননি। এই ঘটনার মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হলো তাঁর ধর্মীয় বিশ্বাস একেবারেই ঠুনকো। ধর্মকে ব্যবহার করে রাজনীতি কুলষিত করাই তাঁর লক্ষ্য। হানিফ বলেন, রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ ও দিশেহারা হয়ে খালেদা জিয়া নিরাপরাধ শান্তিকামী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য কী—একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘আইনি প্রক্রিয়া মেনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
১০ জানুয়ারি জনসভা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ১০ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেলা আড়াইটায় জনসভা করবে আওয়ামী লীগ। ওই জনসভা সফল করতে গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা হয়।