ইতিবাচক রাজনীতিকেও আওয়ামী লীগ ধাপ্পাবাজি মনে করে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতিবাচক রাজনীতিকেও আওয়ামী লীগ ধাপ্পাবাজি মনে করে। বিএনপি নয়, আওয়ামী লীগই প্রতি পদে ধাপ্পাবাজি করে। তারা প্রতারণা করে বারবার ক্ষমতায় এসেছে।
গতকাল রোববার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মিসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। রাজধানীর কাজী বশির (মহানগর নাট্যমঞ্চ) মিলনায়তনে ওই কর্মিসভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, ১০ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের ভিশন ২০৩০ তুলে ধরবেন। আওয়ামী লীগের নেতারা বলছেন, এটা নাকি ধাপ্পাবাজি। ইতিবাচক রাজনীতিকেও তাঁরা ধাপ্পাবাজি মনে করেন। মির্জা ফখরুল দাবি করেন, ২০০৭ সালে সেনা-সমর্থিত সরকার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসে। এখন পর্যন্ত তারা অবৈধভাবে ক্ষমতায় আছে।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অনেক নেতা বলতে শুরু করেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নাকি হাওয়া ভবন তৈরি হবে। ১৯৭২-৭৫ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগকে নাম পাল্টিয়ে ‘নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি’ রাখতে বলেছিলেন। আজকে আওয়ামী লীগ লুটপাট সমিতিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ উন্নয়নের নামে লুটপাট করছে।
সরকার বিএনপি-ভীতিতে ভুগছে দাবি করে ফখরুল বলেন, সরকারের কথা-কর্মকাণ্ডে সারাক্ষণ বিএনপি-ভীতি।
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা যারা বিরোধী দলে আছি, আমরা কোনো সুযোগ-সুবিধা পাব না, তাহলে কী আহাম্মক যে, সেই নির্বাচন করতে যাব? আমরা সেই নির্বাচনে যাব, যে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। যে নির্বাচনে সকলের সমান সুবিধা থাকবে।’