ইতিহাসের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাচ্ছেন খালেদা: হাছান মাহমুদ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে দেশের ইতিহাসে সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আলমগীর কুমকুমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, কেউ ডিভিশন পেলেও পছন্দের গৃহপরিচারিকা রাখার সুযোগ নেই। কিন্তু খালেদা জিয়া এ সুযোগ পেয়েছেন। ডিভিশন পাওয়ার আগেই তাকে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ, বসার কক্ষ, রান্না কক্ষ, এমনকি তিনি যেন সব ধরনের বিনোদন থেকে বঞ্চিত না হন, সে জন্য টেলিভিশনে ডিশ সংযোগও দেওয়া হয়েছে। এত সুযোগ-সুবিধা পাওয়ার পরও বিএনপির পক্ষ থেকে নানা ধরনের অপপ্রচারের চালানো হচ্ছে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদের বক্তব্যের কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া অবশ্যই আমার মায়ের বয়সী। অনেকে তাঁকে মা ডাকতে পারেন। তবে তিনি হচ্ছেন রাক্ষসী মা। এতিমের টাকা আত্মসাৎকারী মা।’
চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন সাবেক সাংসদ চিত্রনায়িকা সারাহ বেগম কবরী, অভিনেতা এ টি এম সামসুজ্জামান, অরুণ সরকার প্রমুখ।