ইনু-খায়রুলের বিচার হবে মানুষের আদালতে: রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অচিরেই দেশে গণতন্ত্র হত্যা, বিরোধী দলের নেতা-কর্মীদের নিধন, বিচারবহির্ভূত হত্যার ইন্ধনদাতা হিসেবে মানুষের আদালতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার হবে। রিজভীর ভাষায়, ‘মানুষের আদালতে যাদের বিচার হবে, তাদের মধ্যে হাসানুল হক ইনু ও বিচারপতি খায়রুল হকরা ওয়েটিং লিস্টে থাকবেন না, ফাইনাল লিস্টেই থাকবেন।’
গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, হাসানুল হক ইনুর প্রতিদিনকার বক্তব্য-বিবৃতি পড়লে মনে হয় যে বিএনপি ও বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলতে পারার ওপরই তাঁর মন্ত্রিত্ব নির্ভর করছে।
রিজভী দাবি করেন, আজকে যে জঙ্গিবাদের উৎপত্তি, তা হাসানুল হক ইনুদের বাহাত্তর থেকে পঁচাত্তরের সহিংস কর্মকাণ্ড থেকেই শুরু হয়। লাদেনের আবির্ভাবের আগে জঙ্গিবাদের যে স্বরূপ দেশবাসীসহ বিশ্ববাসী প্রথম দেখেছে, তা হলো সত্তরের দশকের প্রথমার্ধে হাসানুল হক ইনুদের গণবাহিনীর সহিংস তাণ্ডব। সেই সময় হাসানুল হক ইনুর আচরণ ছিল লাদেন-জাওয়াহিরি ও শায়খ আবদুর রহমানদের সমতুল্য।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে যত কথা হবে কিংবা এ বিষয়ে যত বিতর্ক হবে, ততই তো থলের বিড়াল বেরোতে থাকবে। সত্যের প্রতি আওয়ামী লীগের সাংঘাতিক ভয় আছে। এই কারণে তারা মামলা দিয়ে, হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে চাচ্ছে।