ইনুর অংশকে মশাল বরাদ্দে জাসদের একাংশের প্রতিবাদ
নির্বাচন কমিশন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতীক ‘মশাল’ হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন পক্ষকে বরাদ্দ দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন অপর অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। তাঁরা বলেছেন, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত অপ্রত্যাশিত, অসময়োচিত এবং দায়িত্বশীলতার পরিচায়ক নয়। আনুষ্ঠানিক ঘোষণার আগে বিষয়টি ‘ভালোভাবে পর্যালোচনা’ করার দাবি জানান তাঁরা।
গতকাল শুক্রবার বিকেলে জাসদের একাংশের দপ্তর সম্পাদক ইউনুসুর রহমান স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে তাঁরা বলেন, শুনানির সময় নির্বাচন কমিশন বলেছে, সিদ্ধান্ত গ্রহণে তাদের আরও তথ্য-উপাত্ত প্রয়োজন হতে পারে ও সংশ্লিষ্ট পক্ষ আরও তথ্য-উপাত্ত দাখিল করতে পারবে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে যখন তৃতীয় পর্যায়েও উভয় পক্ষকে মশাল প্রতীক ব্যবহার করার ব্যাপারে নির্বাচন কমিশন সম্মতি দিয়েছে এবং রিটার্নিং কর্মকর্তাদের প্রতীক বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত প্রদানের এখতিয়ার দেওয়া হয়েছে। এতে নির্বাচনের অবশিষ্ট পর্যায়েও তা বহাল রয়েছে। এমতাবস্থায় নির্বাচন কমিশনের আকস্মিক এ সিদ্ধান্ত জাসদকে বিভক্ত করাকেই প্রকারান্তরে এগিয়ে নিয়ে গেছে। যা তাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে না।
গত বুধবার ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসানুল হক ইনু-সমর্থিত জাসদই মশাল পেতে যাচ্ছে। কমিশন সে রকম সিদ্ধান্তই নিয়েছে। আগামীকাল রোববার খণ্ডিত জাসদের দুই পক্ষকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানানো হবে বলেও ইসি সূত্রে জানা গেছে। গত ১২ মার্চ মহানগর নাট্যমঞ্চে জাসদের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের নির্বাচন পর্বে কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল শুরু হয়। এক পক্ষ হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরীন আখতারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। অপর পক্ষ জাতীয় প্রেসক্লাবে গিয়ে শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। পরে উভয় পক্ষই নিজেদের কমিটি গঠন-সম্পর্কিত তথ্য নির্বাচন কমিশনে জমা দেয়।