ইনুর আশ্রয় প্রধানমন্ত্রীর পিতার রক্তের সঙ্গে প্রতারণা: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন, জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় দেওয়া তাঁর পিতার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) রক্তের সঙ্গে প্রতারণার শামিল। তিন কারণে ইনুর বিচার হওয়া উচিত।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেন।
জাসদকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটি বলেছেন, সেটা তাঁদের নেতা-কর্মীদের মনের আকাঙ্ক্ষার প্রতিফলন। স্বাধীনতা-উত্তর দেশে যে হত্যালীলা, ধ্বংসলীলা চলেছে, এর জন্য জাসদের একটি অংশের ভূমিকা রয়েছে।
রিজভী বলেন, তিন কারণে ইনুর বিচার হওয়া উচিত। প্রথমত, ১৯৭২-৭৫ সালের কোনো এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবন শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি ছিল। কিন্তু হঠাৎ করে নিরাপত্তা বাহিনীর দিকে ইনুর নেতৃত্বে জাসদের কিছু লোক গুলি ছোড়ে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি ছুড়লে জাসদের অসংখ্য নেতা-কর্মীকে প্রাণ দিতে হয় ইনুর কারণে। দ্বিতীয়ত, সেনাবাহিনীকে অস্থিতিশীল করতে লিফলেট ছড়ানো এবং নানাবিধ স্লোগান দেওয়া। তৃতীয়ত, ভারতীয় হাইকমিশনে আক্রমণ। এটি ইনুর একটি ‘মাস্টারপ্ল্যানের’ অংশ ছিল।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।