ইনুর কমিটিতে বিরোধীদের নাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরীন আখতারকে সাধারণ সম্পাদক করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) তিন বছর মেয়াদি নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
দুই দিনব্যাপী জাসদের জাতীয় কমিটির সভার পর গত শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ১০৯ সদস্যের এই কমিটি গঠনের কথা জানানো হয়। নতুন কমিটির কার্যকরী সভাপতি হয়েছেন রবিউল আলম। এ ছাড়া মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, রেজাউল করিম তানসেন, আবদুল হাই তালুকদার, হাবিবুর রহমান শওকত, শাহ জিকরুল আহমেদ, লুত্ফা তাহের, কাজী রিয়াজ, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম ও ইন্দুনন্দন দত্ত কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন। নাজমুল হক প্রধান, আফজাল হোসেন খান, লোকমান আহমেদ, নুরুল আখতার, আনোয়ারুল ইসলাম, নাদের চৌধুরী, সাখাওয়াত হোসেন, ওবায়দুর রহমান, শওকত রায়হান, নাইমুল আহসান, রোকনুজ্জামান ও সাদিক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আবদুল হাই মাহবুব, খালিদ হোসেন, আবদুল আলীম, মো. নুরন্নবী, মীর্জা মো. আনোয়ারুল হক, ইশরাজুর রহমান, গোলাম মারুফ, জাহাঙ্গীর আলম, জসিমউদ্দিন, করিম সিকদার, মঞ্জুর আহমেদ ও মাহবুবা আখতার সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
জাসদের সাবেক সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সাংসদ মঈন উদ্দীন খান বাদল, অধ্যাপক আনোয়ার হোসেন, মজিবুল হক, মুশতাক হোসেন ও আবুল কালাম আজাদকে কমিটির সদস্য পদে রাখা হয়েছে।
অবশ্য শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বে জাসদের আলাদা কমিটি হয়েছে। কয়েক দফায় আলোচনা হলেও জাসদের দুই অংশের এই মুহূর্তে ঐক্যের আর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জাসদের নেতারা।
ইনু ও শিরীনের নেতৃত্বাধীন কমিটিতে নাম থাকা প্রসঙ্গে জানতে চাইলে নাজমুল হক প্রধান বলেন, ‘আমিসহ অন্য নেতাদের নাম এই কমিটিতে রাখা বিভ্রান্তিকর। জাতীয় কমিটির এ সভা ডাকার এখতিয়ার নেই। এই কমিটি অবৈধ ও বিতর্কিত।’