তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে সাত নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে, যাঁরা গত ১২ মার্চ অনুষ্ঠিত কেন্দ্রীয় কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা করেছিলেন। অব্যাহতিপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন বিদ্রোহী কমিটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, কার্যকর সভাপতি মইন উদ্দীন খান বাদল ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
গতকাল শুক্রবার কেন্দ্রীয় কার্যকরী কমিটির চতুর্থ সাধারণ সভায় সাত নেতাকে দলের পদ-পদবি ও দায়দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। বহিষ্কৃত অন্য চার নেতা হলেন ইন্দু নন্দন দত্ত, মঞ্জুর আহমেদ, করিম সিকদার ও ডা. মুশতাক হোসেন।
শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন হাসানুল হক ইনু। সভায় রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তাবনা উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার।
প্রতিবেদনের ওপর আলোচনা করেন দলের কার্যকরী সভাপতি রবিউল আলম, সহসভাপতি শাহ জিকরুল আহমেদ, মীর হোসাইন আখতার, হাবিবুর রহমান শওকত, আবদুল হাই তালুকদার, আফরোজা হক প্রমুখ।