ইনুর বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাম্প্রতিক দেওয়া উসকানিমূলক বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। বিএনপি এবং খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য দিয়ে সরকারের আস্থা অর্জন করে মন্ত্রিত্ব রক্ষার যে চেষ্টা ইনু করছেন, তা বুমেরাং হয়ে যেতে পারে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ইনু জনগণের ভোটে ইউপি মেম্বারও হতে পারবেন না।’
গতকাল বুধবার নগরের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘যাঁরা দীর্ঘদিনের রাজনৈতিক আদর্শ জলাঞ্জলি দিয়ে মন্ত্রিত্ব রক্ষার জন্য সরকারের পদলেহন করে খালেদা জিয়াকে আক্রমণ করে অশালীন ভাষায় বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাঁরা ইতিহাসের খলনায়ক হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়ে যাচ্ছেন। এসব খলনায়ককে একদিন জনগণের কাঠগড়ায় বিচারের মুখোমুখি হতে হবে।’
সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আহমদ খলিল খান ও সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম এবং পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী প্রমুখ।