ইনুর মুখে গণতন্ত্র 'ভূতের মুখে রাম নাম': রিপন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ‘অবাঞ্ছিত’ ও ‘অরুচিকর’ মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলেছে, ইনু যখন গণতন্ত্রের কথা বলেন, তখন তা ‘ভূতের মুখে রাম নাম’ জপের মতোই শোনায়।
আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কথা বলেন। রিপনের দাবি, মন্ত্রিত্ব টিকিয়ে রাখতে ও প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতে ইনু প্রতিদিন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছেন।
বিএনপির এই নেতা বলেন, সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিএনপির নেতাদের নাম উল্লেখ যেসব অবাঞ্ছিত মন্তব্য করা হচ্ছে, এতে কোনো আশাবাদের জায়গা আর থাকছে না। দূষিত রাজনীতির বিষবাষ্পে মানুষের এখন দম বন্ধ হওয়ার উপক্রম।
আসাদুজ্জামান রিপন বলেন, হাসানুল হক ইনু জাসদের একটি অপভ্রংশের সভাপতি। এ দেশের মানুষ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের গডফাদার হিসেবে তাঁকেই চেনেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি ও তাঁর সহযোগীরা কীভাবে শেখ মুজিবর রহমানকে একদিনের জন্যও শান্তিতে থাকতে দেননি, তা আওয়ামী লীগের সে সময়ের নেতা-কর্মীরা ভুলে যেতে পারেন না। ওই সময় হত্যা, খুন, ব্যাংক ডাকাতি ও পাটের গুদামে আগুন দেওয়ার ঘটনাগুলো দেশকে যে অস্থিতিশীল করে তুলেছিল, তার জন্য জাসদের রাজনীতি ও তথাকথিত গণবাহিনী, বিপ্লবী সৈনিক সংস্থা-কোনো অংশেই কম দায়ী না। একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্যও অনেকাংশে তারাই দায়ী।
গতকাল দলের স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠানো এবং দুই পুলিশ সদস্য খুনের ঘটনার প্রতিবাদ জানান রিপন। তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের পথ হচ্ছে জাতির ইস্পাত কঠিন ঐক্য। বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার ও দোষারোপের রাজনীতি করে এই সংকটকে দূর করা যাবে না।