ইনুরা দেশে সন্ত্রাসের রাজনীতি শুরু করে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ করে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, সন্ত্রাস ও হত্যার মধ্য দিয়ে যাঁদের রাজনীতি শুরু, তাঁদের কাছ থেকে যদি গণতন্ত্র শিখতে হয়, তার চেয়ে দুর্ভাগ্য জাতির জন্য আর কিছু নেই। তিনি বলেন. ‘এই ইনুরাই শেখ মুজিবের সরকারকে উৎখাত করতে সশস্ত্র সংগ্রাম করেছেন। এ দেশে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছেন। আজ তাঁরা গণতন্ত্রের কথা বলেন, এটা জাতির জন্য উপহাস।’
গতকাল সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একটি বক্তব্য নিয়ে তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার জবাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘দুই দিন আগে বিএনপির চেয়ারপারসন দেশের অবরুদ্ধ গণতন্ত্রের বন্ধ কপাট খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারের একজন পরগাছা মন্ত্রী নিজের মন্ত্রিত্ব টিকিয়ে রাখতে চেয়ারপারসনের বক্তব্য খণ্ডন করে তাঁর স্বভাবসুলভ কটু কথা বলেছেন। নিজেকে প্রচারে রাখতে ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যই ইনুর মতো পরগাছা মন্ত্রীরা এসব কথা বলেন।’
বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরির জন্য জাসদকে দায়ী করে রোববার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের দেওয়া বক্তব্যের উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, হাসানুল হক ইনুকে ওই সময়ে তাঁর ভূমিকা স্পষ্ট করতে হবে। অন্যথায় সরকারের মন্ত্রিসভা থেকে তাঁর পদত্যাগ করা উচিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, এ এস এম আবদুল হালিম, দলের আইনবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান, কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ (জনি), শামীমুর রহমান, আবদুস সালাম আজাদ প্রমুখ।