ইন্টারপোলের তালিকা থেকে তারেকের নাম প্রত্যাহার: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নাম ইন্টারপোলের তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর দাবি, তারেক সম্পর্কে ইন্টারপোলে সরবরাহ করা তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় ডেটাবেজ থেকে সব তথ্যও মুছে ফেলা হয়েছে।
গতকাল রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, প্রমাণিত হয়েছে তারেক রহমান পলাতক নন। রাজনৈতিকভাবে হেয় করতেই তারেক রহমানের নাম ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় জড়ানো হয়েছে। ইন্টারপোল বুঝতে পেরেছে তারেক রহমানের সম্মান বিনষ্ট করতে ইন্টারপোলকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে।
ফখরুল বলেন, ১৪ মার্চ কমিশন ফর দ্য কন্ট্রোল অব ইন্টারপোলস ফাইলস-এর পক্ষÿ থেকে লন্ডনের আইনি প্রতিষ্ঠান লন্ডনিয়াম সলিসিটর্স ফার্মকে লিখিতভাবে ইন্টারপোলের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ফ্রান্সে ইন্টারপোলের হেড কোয়ার্টারে কমিশন ফর দ্য কন্ট্রোল অব ইন্টারপোলস ফাইলস-এর এক বৈঠকে বলা হয়, তারেক রহমান সম্পর্কে পাওয়া সব তথ্যপ্রমাণ এবং তারেক রহমানের রাজনৈতিক অবস্থা ও অবস্থান বিশ্লেষণ করে দেখা যায়, কোনোভাবেই তাঁর নাম ইন্টারপোলে তালিকাভুক্ত হতে পারে না।
মির্জা ফখরুল দাবি করেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আবার তদন্ত করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি তালিকায় তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়। এরপর তাঁকে পলাতক দেখিয়ে তাঁর সম্পর্কে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য সরবরাহ করা হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে ইন্টারপোল ২০১৫ সালের এপ্রিলে রেড নোটিশ জারি করে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইন্টারপোলের এই ‘ফাইন্ডিংসের’ পর তারেকের বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে তাঁরা আইনিভাবে লড়বেন।