ইফতার পার্টিকে কেন্দ্র করে দুপক্ষ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতার পাটিকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা বিএনপির দুপক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। উভয় পক্ষ আজ শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পাল্টাপাল্টি ইফতার পার্টির আয়োজন করেছে।
জেলা বিএনপি গতকাল শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তাদের পক্ষে কর্মসূচি বাতিল বা স্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই। আর অন্য পক্ষ সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে একই স্থানে আজ ইফতার পার্টি করার ঘোষণা দিয়েছে।
দলীয় সূত্র জানায়, গত ২৬ মে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে টাঙ্গাইল জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয় বিগত কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফাকে। সাধারণ সম্পাদক করা হয় বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবালকে। কমিটির ঘোষিত ৩০টি পদে বেশির ভাগই সভাপতি শামসুল আলমের অনুসারী বলে অভিযোগ করেন প্রতিপক্ষের লোকজন। তাঁদের আরও অভিযোগ, যাঁদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা দলের জন্য দায়িত্ব পালনে সম্পূর্ণ অযোগ্য। কমিটিতে সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে রাজনৈতিক শৃঙ্খলা ও নেতৃত্বের জ্যেষ্ঠতা লঙ্ঘিত হয়েছে। পদ-পদবি বণ্টনে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করা হয়নি। এসব অভিযোগে ঘোষিত কমিটির সহসভাপতি আলী ইমাম ও হাসানুজ্জামিল, যুগ্ম সম্পাদক খন্দকার আহমেদুল হক ও সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী সংবাদ সম্মেলন করে কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন।
গতকাল শুক্রবার সকালে বিএনপির নবগঠিত কমিটি থেকে পদত্যাগকারীদের নেতৃত্বে ওই কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপির বিদ্রোহী অংশ। সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে। এতে কমিটি থেকে পদত্যাগকারী সহসভাপতি আলী ইমাম ও হাসানুজ্জামিল শাহিন, যুগ্ম সম্পাদক আহমেদুল হক শাতিল, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী প্রমুখ বক্তব্য দেন। সেখানে তারা নবগঠিত কমিটির টাঙ্গাইল শহরে যেকোনো কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন। তাঁদের উদ্যোগে আজ শনিবার সিলমি কমিউনিটি সেন্টারে ইফতার পার্টির ঘোষণা দেন।
বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা বিএনপি নবগঠিত কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে জেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, প্রশাসনের অনুমতি নিয়ে প্রথমে শহীদ স্মৃতি পৌর উদ্যানে ইফতার পার্টির আয়োজন করা হয়। কিন্তু দুই দিন আগে হঠাৎ পুলিশ প্রশাসন ওই স্থানে না করে কোনো হলরুমে বা কমিউনিটি সেন্টারে ইফতার পার্টির আয়োজনের পরামর্শ দেয়। পরে স্থানীয় সিলমি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়। কিন্তু বিএনপি নামধারী কিছু ব্যক্তি সরকারি দলের প্রভাবশালী নেতাদের পরামর্শে একই স্থানে পাল্টা ইফতার পাটির ঘোষণা দিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় এবং সময় খুব কম থাকায় ওই স্থান পরিবর্তন বা কর্মসূচি বাতিল করা সম্ভব নয়। ইফতার পার্টি বাস্তবায়নে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন তাঁরা। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জ্যেষ্ঠ সহসভাপতি ছাইদুল হকসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।