ইফতার মাহফিল ঘিরে বিভক্তি স্পষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ জুন স্থানীয় ময়েজউদ্দীন উচ্চবিদ্যালয় মাঠে ফরিদপুর শহর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ। অন্যদিকে গত বুধবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘ভিশন ২০৩০ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বিএনপির সাবেক মহাসচিব ফরিদপুর-২ আসনের সাবেক সাংসদ কে এম ওবায়দুর রহমানের মেয়ে।

জেলা বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিভক্ত জেলা বিএনপির একটি ধারার নেতৃত্বে ছিলেন বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান। অপর অংশটির নেতৃত্ব দেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। জেলা কমিটিতে বরাবরই কামাল ইবনে ইউসুফ ও তাঁর অনুসারীরা ছিলেন কোণঠাসা। ২০০৭ সালের ২২ মার্চ ওবায়দুর রহমানের মৃত্যু হয়। এরপর তাঁর অনুসারী জেলা বিএনপির সভাপতি জহিরুল হক ও সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী (যাঁরা এখনো ওই দুই পদে বহাল রয়েছেন) ওবায়দুর রহমানের রেখে যাওয়া অংশের নেতৃত্বে ছিলেন।

তবে সম্প্রতি জেলা বিএনপির নতুন কার্যকরী কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলে দলের পদ অক্ষুণ্ন রাখতে কিংবা নতুন পদ পাওয়ার জন্য এই দুই গ্রুপের নেতাদের মধ্যে নতুন মেরুকরণ হতে শুরু করে। জহিরুল হক জেলা কমিটির সভাপতির পদ অক্ষুণ্ন রাখতে পক্ষ ত্যাগ করে হাত মেলান কামাল ইউসুফের সঙ্গে। গত মার্চে কামাল ইউসুফ জেলার সম্ভাব্য কমিটির একটি তালিকা জমা দেন তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে। সম্ভাব্য ওই কমিটিতে সভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক (বর্তমান সাংগঠনিক সম্পাদক) রশিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে কিবরিয়ার নাম প্রস্তাব করা হয়।

জেলা বিএনপির একটি সূত্র জানায়, কমিটির নাম ফাঁস হয়ে গেলে কামাল ইউসুফের বিরোধী পক্ষে যোগ দেন মোদাররেছ আলী। এ ছাড়া যুবদলের সভাপতি আফজাল হোসেন খানও ওই পক্ষ ত্যাগ করেন। আফজাল হোসেন দীর্ঘদিন ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

১২ জুনের ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা ভবিষ্যতে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে আন্দোলনের জন্য কামাল ইউসুফকে নেতৃত্ব দিতে আহ্বান জানান। অন্যদিকে বুধবারের অনুষ্ঠানে শামা ওবায়েদের নেতৃত্বে দল গঠনের আহ্বান জানান উপস্থিত নেতা-কর্মীরা। ১২ জুনের সভায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির যেসব নেতা বক্তব্য দেন, তাঁরা বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এদিন যুবদলের সভাপতি আফজাল হোসেন খান বলেন, ‘ফরিদপুরে আগামী আন্দোলন ও সংগ্রাম আমরা শামার নেতৃত্বেই করব।’

জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক আহমেদ ফিরোজ বলেন, জেলা বিএনপি চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও শামা ওবায়েদের নেতৃত্বে বিভক্ত। বর্তমানে এ দ্বন্দ্ব মূলত পদ ও পদবির জন্য। জেলার নতুন কমিটি গঠন হলে কার অনুসারীরা কতটা শক্ত অবস্থানে থাকেন, তার ভিত্তিতে বোঝা যাবে এই দুই কেন্দ্রীয় নেতার মধ্যে দলে কার ক্ষমতা কত মজবুত।

এ সম্পর্কে চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, ‘বিএনপির কোনো কোনো নেতার সঙ্গে আমার সমঝোতা হয়েছে, এ কথা সত্য। তবে আমি কমিটি নিয়ে রাজনীতি করি না। ভবিষ্যতে দলীয় নেতৃত্বে পরীক্ষিত ও যোগ্য ব্যক্তিদের আসা উচিত।’

দলে বিভেদের কথা স্বীকার করে শামা ওবায়েদ বলেন, ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ দলের ভাইস চেয়ারম্যান এবং আমার চেয়ে অনেক সিনিয়র। তিনি আন্দোলনে নেতৃত্ব দিলে আমি সেই আন্দোলনে শরিক হব। আমরা সবাই দেশনেত্রীর (দলের চেয়ারপারসন খালেদা জিয়া) ছায়াতলে আছি। আমি সাংগঠনিক কর্মকাণ্ড পালন করে যাব।’