ইভিএমের পক্ষে ইসিতে জোরালো যুক্তি দেবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপ বা পথনকশায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের বিষয়টি না রাখলেও এ পদ্ধতিতে ভোট গ্রহণের পক্ষে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, ইসির সঙ্গে সংলাপে তাঁরা ইভিএম চালুর পক্ষে জোরালো যুক্তি তুলে ধরবেন।

অবশ্য প্রধান নির্বাচন কমিশনার গত মঙ্গলবার রোডম্যাপ ঘোষণার সময় বলেছেন, সব দল চাইলে ইভিএমে ভোট নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। বিএনপি ইভিএমের ঘোরতর বিরোধী। দলটি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে গিয়ে আপত্তি জানিয়ে এসেছে।

ক্ষমতাসীন দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার ‘ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার’ যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, ভোটের ক্ষেত্রে ইভিএম চালুর বিষয়টি এরই অংশ। তথ্যপ্রযুক্তি নিয়ে সরকারের পরিকল্পনা প্রণয়নে যাঁদের মুখ্য ভূমিকা, তাঁরাই ইভিএম চালুর বিষয়টিতে জোর দিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার দলের ধানমন্ডি কার্যালয়ে এক অনুষ্ঠানে ইভিএমের  পক্ষে দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘ইভিএমের দাবি জোরালো ও যৌক্তিক। ডিজিটাল যুগে অ্যানালগ থাকতে চাই না। আমরা নির্বাচন কমিশনের কাছে জোরালোভাবে এই যুক্তি তুলে ধরব।’

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, ইসির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে বিএনপিসহ অন্য রাজনৈতিক দল নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামানোর প্রস্তাব করতে পারে। আওয়ামী লীগ এর বিরোধিতা করবে। আর নির্বাচনকালীন সরকারের প্রশ্নে বিএনপিকে ছাড় দিয়ে নির্বাচনে আনার কোনো পরিকল্পনা নেই আওয়ামী লীগের।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, নির্বাচন অনুষ্ঠান একটি কঠিন কাজ। সীমানা নির্ধারণ, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে পরিবর্তন আসবে কি না ও ভোটের আনুষঙ্গিক প্রস্তুতি নিতে হবে। ইসি সঠিক সময়েই রোডম্যাপ প্রকাশ করেছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তাদের মতামত দেবে এবং কমিশনকে সহায়তা করবে।

আওয়ামী লীগ গত বছর অক্টোবরে দলের জাতীয় সম্মেলন থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরুর ঘোষণা দেয়। এরপর ভোটের প্রস্তুতি হিসেবে প্রতিনিধি সভা, কর্মিসভা ও সমাবেশ করছে। কোন্দল নিরসনে নেতাদের ঢাকায় ডাকা হচ্ছে। বিশেষ বর্ধিত সভা করে প্রচারকৌশল ঠিক করে দেওয়া হয়েছে তৃণমূল নেতাদের। এসব কারণে আগাম নির্বাচন হয়ে যাবে কি না, সেই আলোচনাও হচ্ছে দলের ভেতর।

এরই মধ্যে মঙ্গলবার নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করে। এতে বলা হয়, আগামী জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে ইসি। ২০১৮ সালের ডিসেম্বর কিংবা ২০১৯ সালের জানুয়ারিতে ভোটের সুবিধাজনক সময় উল্লেখ করে ইসি। তবে আগাম নির্বাচনেরও প্রস্তুতি আছে বলে জানায় ইসি। এরই পরিপ্রেক্ষিতে ভোটের দিনক্ষণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, দলীয় ফোরামে এখন পর্যন্ত আগাম নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে দলীয় প্রধানও কোনো আভাস এখন পর্যন্ত দেননি। একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নির্বাচন কবে হবে, এ নিয়ে দলীয় প্রধান শেখ হাসিনা কিছুটা রহস্য রেখে দিয়েছেন।

জানতে চাইলে আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, আগাম নির্বাচনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। নির্বাচন কমিশনের রোডম্যাপ স্বাভাবিক। তিনি বলেন, ভোটে ভালো ফল করার জন্য প্রস্তুতির বিকল্প নেই। এ জন্যই আওয়ামী লীগ আগে থেকে প্রস্তুতি শুরু করেছে।