ইভিএমের শব্দ শুনে ভয়ে বের হয়ে গেলেন ভোটার!
কেউ ইভিএমের শব্দ শুনে ভয় পেলেন, কেউ কেউ ব্যালটে চাপ দিতে গিয়ে তা নিচেও ফেলে দেন। কুমিল্লা সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আলিয়া মাদ্রাসার একটি কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে বিভিন্ন মজার ঘটনার কথা জানান প্রিসাইডিং কর্মকর্তা।
আজ বুধবার আলিয়া মাদ্রাসার নারী ভোটকেন্দ্রে বয়স্ক নারীদের ভোট দিতে সময় লাগছে বেশি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. নাইমুর রহমান বলেন, সকালে এক ভোটার গোপন কক্ষে গিয়ে ব্যালটে চাপ দেওয়ার পর শব্দ শুনে তিনি ভয় পেয়ে বের হয়ে যান। তাঁর ভোট অসম্পূর্ণ থাকায় অন্য ভোটও নেওয়া যাচ্ছিল না। তাঁকে বুঝিয়ে ফের ভোট দিতে গোপন কক্ষে পাঠানো হয়। এ ছাড়া দুই ভোটার ইভিএমের ইলেকট্রিক ব্যালটে চাপ দিতে গিয়ে নিচে ফেলে দেন বলেও জানান প্রিসাইডিং কর্মকর্তা।
আজ বেলা সোয়া একটার দিকে ওই কেন্দ্রে গিয়ে জানা যায়, এখানে মোট ভোটার ২ হাজার ৭৮৮। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৮৪০টি।
এ নিয়ে নাইমুর রহমান বলেন, পরীক্ষামূলক ভোটের সময় মাত্র পাঁচজন ছিলেন, যাঁদের তিনজন পুরুষ। তাঁরা কেউ এখানকার ভোটার না। কেন্দ্রের ভোটাররা বুঝতে না পারায় অনেকের ভোট দিতে দেরি হচ্ছে।