বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পয়লা বৈশাখে ইলিশ খাবেন না, এটা কোনো ত্যাগের মধ্যে পড়ে না। এই যে মানুষের ভোট কেড়ে নেন, মানুষ খুন করেন, এটা ত্যাগ করেছেন কি না, এটাই জাতি জানতে চায়।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কারও নাম উল্লেখ না করে গয়েশ্বর এ কথা বলেন। গণসাংস্কৃতিক দল নামের একটি সংগঠন প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ‘প্রহসন’ বলে অভিহিত করে এই নির্বাচনে নিজের দলের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। নির্বাচনে কারচুপির অভিযোগ করে আবার সে নির্বাচনে অংশগ্রহণের সমালোচনা করেন গয়েশ্বর রায়। তিনি বলেন, ‘এই যে আমরা নির্বাচনে গেলাম, এটা কি সরকারকে সমর্থন করা না? কী কারণে আমরা তাদের সমর্থন দিচ্ছি? আমি দলের সিদ্ধান্তের বাইরে না। তারপরও প্রশ্নটা থাকল একজন সাধারণ নাগরিক হিসেবে।’
গয়েশ্বর রায় বলেন, ‘গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার দায়িত্ব কি একমাত্র আমার? গণতন্ত্রের, নির্বাচনের বিধিমালা অনুপস্থিত রেখে আমি একাই যদি গণতন্ত্রের ধারা রাখতে চাই, তা কি সম্ভব?’